জাতিসংঘ, সেপ্টেম্বর ২৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- যুক্তরাষ্ট্র এবং ২৭ সদস্যের ইউরোপীয় ইউনিয়ন বুধবার মিয়ানমারের ওপর জাতিসংঘ নিষেধাজ্ঞা আরোপের কথা বিবেচনা করতে নিরাপত্তা পরিষদকে আহ্বান জানিয়েছে। পাশাপাশি বিক্ষোভকারীদের বিরুদ্ধে মিয়ানমার সামরিক জান্তা সরকারের সহিংস পদক্ষেপের নিন্দাও জানিয়েছে।
যুক্তরাষ্ট্র-ইইউ'র বিবৃতিতে বলা হয়েছে, "আমরা মিয়ানমারে শান্তিপূর্ণ বিক্ষোভ সহিংস পন্থায় দমনের নিন্দা জানাই। সেইসঙ্গে ওই দেশের নেতাদেরকে তাদের কার্যকলাপের ব্যক্তিগত দায়-দায়িত্বের কথাও স্মরণ করিয়ে দিতে চাই।"
বিবৃতিতে আরও বলা হয়, " আমরা নিরাপত্তা পরিষদকে মিয়ানমার পরিস্থিতি নিয়ে জরুরি ভিত্তিতে আলোচনা করে আরও নিষেধাজ্ঞা আরোপসহ অন্যান্য পদক্ষেপ নেওয়ার কথা বিবেচনা করার আহ্বান জানাচ্ছি।"
জাতিসংঘের সাধারন পরিষদের অধিবেশনের ফাঁকে বিভিন্ন দেশের মন্ত্রী পর্যায়ের এক বৈঠকের পর ইসু করা এই বিবৃতিতে বলা হয়েছে, "আমরা মিয়ানমার কর্তৃপক্ষকে সহিংসতা বন্ধ করে অং সান সু চি সহ অন্যান্য গণতন্ত্রপন্থী নেতা এবং জাতিগত সংখ্যালঘু প্রতিনিধিদের সঙ্গে আলোচনা প্রক্রিয়া চালু করার আহ্বান জানাচ্ছি।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলকিউ/২১৪৫ঘ.
bdnews24