২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গণতন্ত্রের শ্লোগানে মুখর মিয়ানমারের ভিক্ষুরা

এবার সরাসরি গণতন্ত্রের শ্লোগানে মুখর হলেন নিলেন মিয়ানমারের ভিক্ষুরা। সামরিক জান্তার বলপ্রয়োগের হুমকি উপেক্ষা করে মঙ্গলবার ইয়াঙ্গুনে বিক্ষোভ মিছিলে যোগ দেয় প্রায় দশহাজার ভিক্ষুসহ আরও কয়েক হাজার মানুষ। এদিকে, মঙ্গলবারও শান্তিপূর্ণভাবে বিক্ষোভ শেষ হলেও ভিক্ষুদের এ প্রতিবাদ গত কয়দিনে স্মরণকালের ব্যাপকতম গণবিক্ষোভে রূপ নিয়েছে। (আরও তথ্যসহ--১)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Sep 2007, 07:52 AM

Updated : 26 Aug 2022, 08:41 PM

ইয়াঙ্গুন, সেপ্টেম্বর ২৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - এবার সরাসরি গণতন্ত্রের শ্লোগানে মুখর হলেন নিলেন মিয়ানমারের ভিক্ষুরা। সামরিক জান্তার বলপ্রয়োগের হুমকি উপেক্ষা করে মঙ্গলবার ইয়াঙ্গুনে বিক্ষোভ মিছিলে যোগ দেয় প্রায় দশহাজার ভিক্ষুসহ আরও কয়েক হাজার মানুষ। (আরও তথ্যসহ--১) এদিকে, মঙ্গলবারও শান্তিপূর্ণভাবে বিক্ষোভ শেষ হলেও ভিক্ষুদের এ প্রতিবাদ গত কয়দিনে স্মরণকালের ব্যাপকতম গণবিক্ষোভে রূপ নিয়েছে। ঘোষণা সত্ত্বেও মঙ্গলবারও বিক্ষোভে বাধা না দিলেও আগামীতে বিক্ষোভ ঠেকানোর লক্ষ্যে ইয়াঙ্গুনের বিভিন্ন স্থানে মঙ্গলবার বিকালে বিপুল সংখ্যাক দাঙ্গা পুলিশ ও সেনা মোতায়েন করতে দেখা গেছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। এর আগে সেনা শাসনের বিরুদ্ধে স্মরণকালের সবচে বড় বিক্ষোভ মোকাবেলায় মঙ্গলবার শক্তি প্রয়োগের ঘোষণা দেয় সামরিক জান্তা। বিক্ষোভের কেন্দ্রস্থল ইয়াঙ্গুনের শোয়েডাগন প্যাগোডার সামনে সেনা মোতায়েন করে এবং বিক্ষোভে যোগ না দিতে সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়ে শহরের বিভিন্ন স্থানে সেনা ট্রাক থেকে মাইকিং করেও বিক্ষোভ দমানো যায়নি। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, নিষেধাজ্ঞা উপেক্ষা করে ভিক্ষুরা বিক্ষোভ করতে করতে ইয়াঙ্গুনের কেন্দ্রস্থলের দিকে এগিয়ে যায় এবং 'গণতন্ত্র, গণতন্ত্র' বলে শ্লোগান দেয়। রাস্তার দুপাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে হাজার হাজার মানুষ করতালি দিয়ে তাদের অভিনন্দন জানায়। তবে মঙ্গলবার সপ্তম দিনে গড়ানো এ বিক্ষোভে শেষ পর্যন্ত সংঘাতের কোনো খবর পাওয়া যায়নি। মিয়ানমারের পবিত্রতম তীর্থ শোয়েডাগন প্যাগোডা এখন ৪৫ বছরের সামরিক সামরিক শাসন বিরোধী আন্দোলনের প্রতীকী কেন্দ্রে পরিণত হয়েছে। ভিক্ষু আর সাধারণ মানুষের বিক্ষোভ ও সেনাবাহিনীর বলপ্রয়োগের হুমকিতে ১৯৮৮ সালের ছাত্র অভ্যুত্থানের মত পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করছেন প্রত্যক্ষদর্শীরা। জান্তাবিরোধী ছাত্র বিক্ষোভের সময় ব্যবহৃত 'লড়াইরত পায়রা' প্রতীকের পতাকা বহন করতে দেখা গেছে ভিক্ষুদের। এছাড়া অন্যান্য দাবি সম্বলিত প্ল্যাকার্ড, ফেস্টুনও বহন করছে তারা। সেনা ট্রাক থেকে মাইকিং করে বলা হয়, "এসব মিছিলে যোগ না দেওয়া, মিছিলের পেছনে পেছনে যাওয়া কিংবা মিছিলকে উৎসাহ না যোগাতে সাধারণ মানুষদের আহ্বান জানানো হচ্ছে। এ নিষেধাজ্ঞা অমান্য করা হলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।" এর আগে সোমবার ইয়াঙ্গুনের রাজপথে নেমে আসেন কমপক্ষে দশ হাজার ভিক্ষু। সামরিক জান্তার পতন না হওয়া পর্যন্ত বিক্ষোভ চালিয়ে যাওয়ার অঙ্গীকার করে শুরু হওয়া এ বিক্ষোভে ধীরে ধীরে শামিল হয়েছেন আরও হাজার হাজার মানুষ। সোমবারের বিক্ষোভে প্রায় একলাখ মানুষ যোগ দেন বলে খবর প্রচার করেছে বিভিন্ন বার্তা সংস্থা। ভিক্ষুদের মিছিলের দুপাশে হাতে হাত রেখে তাদের পাশে হেঁেট বিক্ষোভে সমর্থন দিচ্ছেন সাধারণ মানুষ। নারী ভিক্ষুরা মিছিলে যোগ দেওয়ার পর এখন ভিক্ষুদের বিক্ষোভে প্রকাশ্য সমর্থন দিয়ে তাদের সঙ্গে যোগ দিচ্ছেন দেশটির সাংস্কৃতিক জগতের তারকারাও। দেশটির জনপ্রিয় তারকারা প্রকাশ্য সমর্থন জানিয়ে ভিক্ষুদের বিক্ষোভে যোগ দিতে সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন। তুন ইন্দ্রা বো সহ অনেক বিখ্যাত মঞ্চ, টিভি ও সঙ্গীত তারকা তাদের সমর্থন জানিয়েছেন। তুন মিয়ানমারের অ্যাঞ্জেলিনা জোলি হিসেবে পরিচিত। ভিক্ষুদের আন্দোলনে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দেওয়ার লক্ষ্যে "শঙ্খ সহায়তা পরিষদ" নামে একটি জোট গড়ে তুলেছেন জনপ্রিয় এ তারকা। গত এক সপ্তাহ ধরে বৌদ্ধ ভিক্ষুরা মিয়ানমারের বিভিন্ন শহরে নিয়মিত সমাবেশ ও মিছিল করছে। এছাড়া সামরিক জান্তার সদস্য ও তাদের সহযোগীদের বিরুদ্ধে তাদের বয়কট আন্দোলনও চলছে একই সঙ্গে। কয়েক সপ্তাহ আগে জ্বালানির মূল্য বৃদ্ধির প্রতিবাদে বৌদ্ধ ভিক্ষুরা আন্দোলন শুরু করলে পাকাক্কু শহরে সেনাবাহিনী তাদের ওপর লাঠিচার্জ ও গুলি করে। ওই ঘটনার জন্য দায়ীদের ক্ষমা চাওয়ার জন্য ভিক্ষুরা এক সপ্তাহ সময় বেঁধে দেন। কিন্তু কেউ ক্ষমা না চাওয়ায় গত মঙ্গলবার থেকে তারা বয়কট আন্দোলন শুরু করেন। রোববার প্রথমবারের মত নারী ভিক্ষুরা এ বিক্ষোভে যোগ দেন। তবে ভিক্ষু ও সাধারণ জনগণের মিছিল ছিল শান্তিপূর্ণ। কখনো কখনো মিছিল থেকে সরকার বিরোধী শ্লোগান দেওয়া হলেও এতে কোনো উত্তেজনা ছিল না। ভিক্ষুদের সরকারবিরোধী আন্দোলন শুরু হওয়ার পর থেকে সু চির বাড়ির রাস্তাটি বন্ধ থাকলেও শনিবার ভিক্ষুরা মিছিল নিয়ে গেলে পুলিশ তাদের বাধা দেয়নি। ওই দিন সু চি বাড়ি থেকে বের হয়ে এসে মিছিলকারীদের অভিনন্দন জানান। এর মধ্য দিয়ে সু চি ২০০৩ সালের পর প্রথম জনসমক্ষে আসেন। সু চি গত ২০০৩ সালের মে মাস থেকে গৃহবন্দী আছেন। গত ১৮ বছরের মধ্যে প্রায় ১১ বছরই বন্দী জীবন কাটিয়েছেন তিনি। এদিকে, মিয়ানমারে চলমান সরকার বিরোধী আন্দোলনের জন্য সামরিক সরকারের নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র। নিউ ইয়র্কে এক সংবাদ সম্মেলনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কন্ডোলিৎসা রাইস বিক্ষোভকারীদের প্রতি সহমর্মিতা জানিয়ে বলেন, "মিয়ানমারের মানুষের আরো ভালভাবে বাঁচার অধিকার আছে। অন্যদের মতো তাদেরও অধিকার আছে স্বাধীনতা ভোগ করার।" তিনি আরো বলেন, "মিয়ানমার শাসকগোষ্ঠীর বর্বরতার কথা সবাই জানে। তাই এ বিষয় নিয়ে আমরা কথা বলে যাব। আর প্রেসিডেন্ট বুশও অবশ্যই এ নিয়ে কথা বলবেন।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/আরবি/এএমটি/এসকে/এমএ/১৪৩৪ ঘ.