জেনেভা, সেপ্টেম্বর ২৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- জাতিসংঘ তদন্তকারীদের একটি দল সোমবার সুদানের গোলযোগপূর্ণ প্রদেশ দারফুরে মানবাধিকার লঙ্ঘনকারীদের অবিলম্বে বিচারের আওতায় এনে শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছে। ৭ সদস্যের এই দল তাদের এক প্রতিবেদনে এই দাবি জানায়। দলের নেতৃত্ব রয়েছেন সাবেক আফগান উপ প্রধানমন্ত্রী সীমা সামার।
প্রতিবেদনে বলা হয়, "৪৭ সদস্যের পরিষদের উচিত দারফুরে সব মানবাধিকার লঙ্ঘনের অভিযোগের তদন্ত নিশ্চিত করা এবং দায়ী ব্যক্তিদের অবিলম্বে বিচারের আওতায় আনার জন্য খার্তুমকে আহ্বান জানানো।" সুদান পরিস্থিতি নিয়ে সামারার দলের এটি ২য় প্রতিবেদন।
উল্লেখ্য, দারফুরে যুদ্ধপরাধের জন্য দায়ী সরকারপন্থী এক মিলিশিয়া এবং একজন সরকারি কর্মকর্তাকে বিচারের জন্য আন্তজূাতিক অপরাধ আদালতের কাছে হস্তান্তর করতে অস্বীকৃতি জানিয়ে আসছে সুদান।
হেগের আন্তর্জাতিক আদালত মে মাসে ওই দুজনকে অভিযুক্ত করে। তখন থেকেই সন্দেহভাজনদের একজন আহমেদ হারুনকে দারফুরে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা তদন্ত কমিটির প্রধান করে রেখেছে সুদান সরকার। কানাডা এবং নরওয়ে জানিয়েছে, শান্তি আলোচনা চলা সত্ত্বেও দারফুরে মানবাধিকার পরিস্থিতি দিন দিন খারাপ হচ্ছে। ইইউ'র পক্ষ থেকে পর্তুগাল বলেছে, " বেসামরিক নাগরিকের বিরুদ্ধে সহিংসতা থামাতে সুদান সরকারের অবশ্যই কঠোর পদক্ষেপ নেওয়া উচিত।"
এদিকে, জাতিসংঘ তদন্ত দল এবং মানবাদিকার ইসুর সমস্ত বিশেষজ্ঞরা জাতিসংঘ পরিষদকে সুদানের সব বিবাদমান পক্ষকে নতুন করে মানবাধিকার লঙ্ঘন, সহিংসতা বিশেষ করে নারী, শিশু ও ত্রাণকর্মীদের বিরুদ্ধে সহিংসতা থামানোর জন্য আহ্বান জানানোর অনুরোধ করেছেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলকিউ/২০৩৯ঘ.
bdnews24