তেহরান, সেপ্টেম্বর ২২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - অবরোধ, নিষেধাজ্ঞা আরোপ করে ইরানের পরমাণু কর্মসূচির অগ্রগগতি আটকানো যাবে না। দেশটির প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ এক বিবৃতিতে শনিবার একথা বলেছেন। ইরানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থাসহ আরও একদফা জাতিসংঘ নিষেধাজ্ঞা আরোপে ওয়াশিংটনে বিশ্বশক্তিগুলোর মধ্যে 'গুরুত্বপূর্ণ আলোচনার' পরদিনই আহমাদিনেজাদ একথা বললেন।
১৯৮০ - ৮৮ সালের ইরাক - ইরান যুদ্ধ স্মরণে এক বার্ষিক কুচকাওয়াজে ভাষণ দেওয়ার সময় শনিবার ওই মন্তব্য করেন ইরানি প্রেসিডেন্ট। একইসঙ্গে প্রতিবেশী ইরাক থেকে যুক্তরাষ্ট্রসহ সব বিদেশী সেনা প্রত্যাহারেরও আহ্বান জানান আহমাদিনেজাদ।
তিনি বলেন,"যারা মনে করেন ওইসব অচল ব্যবস্থার মাধ্যমে মনস্তাত্ত্বিক যুদ্ধ চালিয়ে এবং অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করে ইরানি জাতির অগ্রগতিকে রুদ্ধ করে দেওয়া যাবে তারা ভুল করছেন।"
ওয়াশিংটনে শুক্রবার যুক্তরাষ্ট্রসহ জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সদস্য দেশগুলো এবং জার্মানি ইরানের বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপ গ্রহণের বিষয়ে বৈঠক করেছে। দেশটির পরমাণু কর্মসূচি বন্ধে কূটনৈতিক পন্থার পাশাপাশি 'শাস্তিমূলক ব্যবস্থা' নেওয়ার বিষয়টিতেও জোর দিয়েছেন কর্মকর্তারা। তারা বলছেন দুটো পথই খোলা রাখতে চান তারা।
বৈঠক শেষে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিকোলাস বার্নস বলেন,"খুবই গুরুত্বপূর্ণ এবং গঠনমূলক আলোচনা হয়েছে।"
বার্নস বলেন,"একটি নতুন জাতিসংঘ নিরাপত্তা পরিষদ নিষেধাজ্ঞার বিস্তারিত খুঁটিনাটি নিয়ে আলোচনা করেছেন তারা। তবে একইসঙ্গে ইরানের সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়ার সম্ভাবনা নিয়েও আলোচনা করেছেন তারা।"
এদিকে নতুন জাতিসংঘ নিষেধাজ্ঞা বিষয়ে মন্তব্য করার সময় আবারও ইরাক থেকে যুক্তরাষ্ট্রসহ অন্য দেশগুলোর সেনা প্রত্যাহারের দাবি জানান ইরানি প্রেসিডেন্ট।
আহমাদিনেজাদ বলেন,"এ অঞ্চলের দেশগুলো এখানে কোনো বিদেশী সেনা চায় না।"
ইরাক থেকে সেনা প্রত্যাহারের ইরানি দাবির বিপরীতে যুক্তরাষ্ট্র পাল্টা ইরানকে দোষারোপ করে আসছে এবং ইরাককে অস্থিতিশীল করার জন্য ইরান ও সিরিয়াকে অভিযুক্ত করে আসছে।
বিডিনিউজ টুযেন্টিফোর ডটকম/এএমটি/১৬৩০ ঘ.
bdnews24