২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফুজিমোরিকে পেরুর কাছে হস্তান্তর করছে চিলি

পেরুর সাবেক প্রেসিডেন্ট আলবার্তো ফুজিমোরিকে বিচারের মুখোমুখি করতে শনিবার পেরু সরকারের কাছে হস্তান্তর করছে চিলি। চিলির সুপ্রিম কোর্ট শুক্রবার এই হস্তান্তরের নির্দেশ দেয়। পেরুতে নব্বই দশকের শুরুতে মাওবাদী 'শাইনিং পাথ' গেরিলাদের দমনে দুটি বড় ধরনের হত্যাযজ্ঞ চালানোসহ ব্যাপক দুর্নীতি এবং অর্থ আত্মসাতের অভিযোগে অভিযুক্ত তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Sep 2007, 09:09 AM

Updated : 26 Aug 2022, 08:40 PM

সান্টিয়াগো, সেপ্টেম্বর ২২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - পেরুর সাবেক প্রেসিডেন্ট আলবার্তো ফুজিমোরিকে বিচারের মুখোমুখি করতে শনিবার পেরু সরকারের কাছে হস্তান্তর করছে চিলি। চিলির সুপ্রিম কোর্ট শুক্রবার এই হস্তান্তরের নির্দেশ দেয়। পেরুতে নব্বই দশকের শুরুতে মাওবাদী 'শাইনিং পাথ' গেরিলাদের দমনে দুটি বড় ধরনের হত্যাযজ্ঞ চালানোসহ ব্যাপক দুর্নীতি এবং অর্থ আত্মসাতের অভিযোগে অভিযুক্ত তিনি। ফুজিমোরি ১৯৯০ থেকে ২০০০ সাল পর্যন্ত পেরু শাসন করেন। ২০০০ সালে তার সরকার পতনের পর পাঁচবছর জাপানে নির্বাসিত জীবন কাটান তিনি। পুনরায় দেশে ফিরে ২০০৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নেওয়ার ইচ্ছাপোষণ করলেও তার সে স্বপ্ন পূরণ হয়নি। দেশে ফেরার পথে ২০০৫ সালের নভেম্বরে চিলিতে পৌঁছানোর পরপরই তাকে গ্রেপ্তার করে দেশটির সরকার। পেরু সরকারের আবেদনের প্রেক্ষিতে একটি আন্তর্জাতিক গ্রেপ্তারি পরোয়ানায় তাকে আটক করা হয়। তখন থেকেই চিলিতে আটক ছিলেন ৬৯ বছর বয়সী ফুজিমোরি। চিলির কর্তৃপক্ষ জানিয়েছে পেরু পুলিশের একটি বিশেষ বিমানে করে চিলির রাজধানী সান্তিয়াগো থেকে পেরুর রাজধানী লিমায় নিয়ে যাওয়া হবে তাকে। এদিকে ফুজিমোরির মেয়ে কেইকো ফুজিমোরি জানিয়েছেন শনিবার স্থানীয় সময় দুপুরের আগে লিমায় পৌঁছানোর সম্ভাবনা নেই তার। দেশে পৌঁছালে তার বাবাকে অভ্যর্থনা জানানো হবে বলেও জানান কেইকো। তিনি জানান,"আগামীকাল দুপুরের দিকে সাবেক প্রেসিডেন্ট আলবার্তো ফুজিমোরির দেশে ফেরা উপলক্ষ্যে তাকে তার প্রাপ্য মর্যাদায় অভ্যর্থনা জানানো হবে।" এর আগে শুক্রবার চিলির সুপ্রিম কোর্ট জানায়, ফুজিমোরিকে বিচারের আওতায় আনতে পেরুর সরকারি কৌসুলিরা যে ১৩ দফা দাবি জানিয়েছিলেন চিলির আদালত তার মধ্যে সাত দফা মেনে নিয়েছে। চিলির সুপ্রিম কোর্ট বেঞ্চের সভাপতি আলবার্তো চেইগনু জানান, মানবাধিকার লঙ্ঘনের দুটি সবচেয়ে বিতর্কিত মামলায় আদালত সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নিয়েছে। সুপ্রিম কোর্টের এই রায়ের বিরুদ্ধে আর কোনো আবেদন করা যাবে না। ২০০০ সালে বড় ধরনের দুর্নীতির অভিযোগে তার সরকারের পতনের পর জাপানে নির্বাসনে চলে যান ফুজিমোরি। প্রায় এক কোটি ৫০ লাখ মার্কিন ডলার আত্মসাৎ ও মাওবাদী বিদ্রোহীদের দমনে অতিরিক্ত শক্তি প্রয়োগের অভিযোগে ফুজিমোরির বিচার করার চেষ্টা করছেন পেরুর আইনজীবীরা। নব্বই দশকের শুরুতে মাওবাদী 'শাইনিং পাথ' বিদ্রোহীদের বিরুদ্ধে অভিযানের সময় দুটি গণহত্যার অভিযোগ আছে তার বিরুদ্ধে। ওই গণহত্যা দুটিতে ছাত্ররাসহ এক অধ্যাপক এবং এক শিশুও নিহত হয়। 'বারিয়স আলতোস' ও 'লা ক্যানতুলা' নামে পরিচিত ওই হত্যাযজ্ঞে মোট ২৫ জনের প্রাণহানি ঘটে। যদিও পেরুর কিছু মানুষ এখনো শাইনিং পাথ এর শীর্ষ নেতাদের গ্রেপ্তার ও তাদের বিদ্রোহ দমনে সফলতার জন্য ফুজিমোরির প্রশংসা করেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএমটি/১৪৫০ ঘ.