বাগদাদ, সেপ্টেম্বর ২১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ইরাকের প্রধানমন্ত্রী নূরি আল মালিকি প্রধান সুন্নি আরব ব্লকের রাজনৈতিক দাবিকে আমল দিতে রাজি হয়েছেন। গত সপ্তাহে এই ব্লক মালিকির শিয়া সরকার থেকে বেরিয়ে যায়। এক কর্মকর্তা শুক্রবার একথা জানিয়েছেন।
মালিকির কার্যালয়ের এক কর্মকর্তা জানান, " বৃহস্পতিবার উপ প্রধানমন্ত্রী সালাম আল জোবাইর সভাপতিত্বে সুন্নি ব্লকের সদস্যদের সঙ্গে মালিকির ইতিবাচক আলোচনা হয়েছে। ওই কর্মকর্তা বলেন, "সুন্নিদের দাবিগুলো বিবেচনা করে দেখতে প্রধানমন্ত্রী একটি কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন।"
সুন্নি ব্লক 'দ্য একরডেন্স ফ্রন্ট' আগস্টে মালিকি সরকার থেকে বেরিয়ে যায়। সরকারে সুন্নিদের দাবি তুলে ধরতে ব্যর্থতা এবং সুন্নিদের বৃহত্তর ভূমিকা পালন করতে না দেওয়ার প্রতিবাদে সরকার থেকে বেরিয়ে যায় তারা।
সাদ্দাম আমলে রাজনৈতিক অঙ্গনে প্রভাবশালী সুন্নিরা এখন মালিকির শিয়া সরকারের বিরুদ্ধে তাদেরকে কোণঠাসা করে রাখার অভিযোগ তুলেছে। তারা সাদ্দামের বাথ পার্টিকে আবার জনসম্মুখে ফিরিয়ে আনার দাবি জানাচ্ছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলকিউ/২১৫২ঘ.
bdnews24