২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রে হাজার হাজার কৃষ্ণাঙ্গের বর্ণবাদ বিরোধী বিক্ষোভ

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় লুইসিয়ানার ছোট্ট শহরে জেনায় বৃহস্পতিবার প্রায় দশ হাজার আফ্রিকান-আমেরিকান বর্ণবাদ বিরোধী বিক্ষোভ করেছেন। শহরের এক শ্বেতাঙ্গ স্কুলছাত্রকে পেটানোর অভিযোগে ছয় কৃষ্ণাঙ্গ ছাত্রের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার প্রতিবাদে তারা এই বিক্ষোভ করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Sep 2007, 12:17 PM

Updated : 26 Aug 2022, 08:39 PM

জেন, লুইজিয়ানা, সেপ্টেম্বর ২১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় লুইসিয়ানার ছোট্ট শহরে জেনায় বৃহস্পতিবার প্রায় দশ হাজার আফ্রিকান-আমেরিকান বর্ণবাদ বিরোধী বিক্ষোভ করেছেন। শহরের এক শ্বেতাঙ্গ স্কুলছাত্রকে পেটানোর অভিযোগে ছয় কৃষ্ণাঙ্গ ছাত্রের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার প্রতিবাদে তারা এই বিক্ষোভ করেন। নিউ ইয়র্ক, আটলান্টা, লস এঞ্জেলস ও নিউ অরলিন্সের মতো দূরবর্তী শহরগুলো থেকে বিক্ষোভকারীরা বাসে ও গাড়িতে করে জেনা শহরে এসে জড়ো হন। জেনার ওই ঘটনা আমেরিকার কৃষ্ণাঙ্গদের কাছে বৃহত্তর বর্ণবাদ বিরোধী সংগ্রাম ও কালোদের বিপক্ষে বিচার বিভাগের পক্ষপাতিত্ত্বের প্রতীক হয়ে উঠেছে। বিক্ষোভে যোগ দিতে আসা নিউ অরলিন্সের এক প্রযুক্তিবিদ বলেন, "আদালত ঐতিহাসিকভাবে আফ্রিকান আমেরিকানদের প্রতি যে আচরণ করে আসছে সেটা দেখতে দেখতে আমি ক্লান্ত। সেজন্যই আমি এখানে প্রতিবাদ জানাতে এসেছি।" বিক্ষোভকারীদের প্রায় সবাই কালো পোশাক পরে এসেছিলেন। অনেকের হাতে ছিল ব্যানার। এতে লেখা ছিল 'অভিযুক্ত ছয় যুবকের মুক্তি দিতে হবে'। এ সময় তারা শ্লোগান দেন 'বিচার নেই, শান্তি নেই, বর্ণবাদী পুলিশ চাই না'। দুপুরের পর অনেক বিক্ষোভকারী বাসে করে নিজ নিজ শহরের দিকে রওনা হন। তাদের অনেকেই দাবি করেন, শান্তিপূর্ণ এই বিক্ষোভ থেকে এখনকার তরুণরা ১৯৫০ -'৬০ দশকের মানবাধিকার আন্দোলনের ইমেজ পাবে। জেনা ঘটনার প্রতিবাদে একই দিন নিউ ইয়র্কেও র‌্যালি করেছেন প্রায় দুইশ' মানুষ। কালো কাপড় পরে তারা সিটি হলের পাদদেশে জড়ো হন। এছাড়া ওয়াশিংটনেও জড়ো হন কয়েক শ' মানুষ। গত বছরের জুলাই মাসে জেনা শহরের একটি মাধ্যমিক বিদ্যালয়ের গাছে তিনটি দড়ির ফাঁসি ঝুলন্ত অবস্থায় পাওয়ার পর থেকে জেনা ঘটনার সূত্রপাত। গাছে ফাঁসি ঝুলানোকে বিনাবিচারে কৃষ্ণাঙ্গদের মৃত্যুদণ্ডের প্রতীক হিবেবে বিবেচনা করা হয়। ওই ঘটনার পর শহরের কৃষ্ণাঙ্গদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে। এর পর গত ডিসেম্বরে স্কুলের এক শ্বেতাঙ্গ ছাত্রকে পেটানোর অভিযোগে ছয় কৃষ্ণাঙ্গ ছাত্রকে আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে হত্যা চেষ্টার অভিযোগ আনা হয়। এদের মধ্যে এক জনকে সাজা দেওয়ার পর থেকে বিক্ষোভ জোরদার হতে থাকে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এফএইচবি/১৮০৬ঘ.