বাগদাদ, সেপ্টেম্বর ২০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - ২০০৬ সালের ফেব্র"য়ারি মাসে সামারার একটি মসজিদে বোমা হামলার পর থেকে ইরাকে সহিংসতা ধীরে ধীরে কমে বর্তমানে সর্বনিম্ন পর্যায়ে রয়েছে। ইরাকে মোতায়েন মার্কিন সেনাবাহিনীর দ্বিতীয় শীর্ষ কমান্ডার লেফটেন্যান্ট-জেনারেল রেমন্ড ওডিয়েরনো বৃহস্পতিবার একথা বলেছেন। তিনি আরও বলেন, গত জানুয়ারি মাস থেকে বাগদাদের সহিংসতাও ৫০ শতাংশ কমেছে।
সাদ্দাম সরকারকে উৎখাতের লক্ষ্যে ২০০৩ সালে ইরাকে মার্কিন নেতৃত্বাধীন সেনা অভিযানের পর সবচেয়ে ভয়াবহ সহিংস অধ্যায়ের সূচনা হয়েছিল ২০০৬ সালের ফেব্র"য়ারি মাসে সামারার ওই মসজিদে বোমা হামলার ঘটনা থেকে। এরপর ইরাকে অতিরিক্ত মার্কিন সেনা মোতায়েন শুরুর কিছু সময় আগে থেকেই সহিংসতা কমে আসতে থাকে।
এক সংবাদ সম্মেলনে লেফটেন্যান্ট-জেনারেল রেমন্ড ওডিয়েরনো বলেন, রাজধানী বাগদাদে জাতিগত সহিংসতায় নিহতের সংখ্যা দিন প্রতি গড়ে প্রায় ৩২ জন থেকে কমে এ বছরে ১২ জনে নেমে এসেছে। তবে তিনি বলেন, "ইরাক এবং বাগদাদের ভেতরে অসংখ্য বেসামরিক লোক হতাহতের আশঙ্কা এখনও রয়ে গেছে।"
সুন্নি মুসলিম আল কায়েদা এবং শিয়া জঙ্গিসহ অন্যান্য সুন্নি আরব জঙ্গিদের বিরুদ্ধে গত ফেব্র"য়ারি মাসে বাগদাদে একটি নিরাপত্তা অভিযান শুরু করে মার্কিন সেনাবাহিনী। পরবর্তীতে সে অভিযান ইরাকের অন্যান্য প্রদেশেও চালানো হয়।
ওডিয়েরনো বলেন, "ইরাকের আল কায়েদা জঙ্গিরা বাগদাদ এবং তার আশপাশের এলাকা থেকে ক্রমেই বিতাড়িত হচ্ছে। তারা এখন ইরাকের অন্য জায়গায় আশ্রয় নিতে, এমন কি ইরাক থেকে পালানোরও চেষ্টা করছে।"
তিনি বলেন, গত রোববার বাগদাদে সংঘটিত গোলাগুলির ঘটনার পর পাল্টা-পাল্টি হামলার কোনো আলামত পাওয়া যায়নি। যুক্তরাষ্ট্রের নিরাপত্তা প্রতিষ্ঠান 'ব্লাকওয়াটার' এর সঙ্গে সম্পর্কিত বাগদাদের ওই ঘটনায় ১১ জন নিহত হয়।
বাগদাদের ওই ঘটনার বিষয়ে যুক্তরাষ্ট্র এবং ইরাকি কর্মকর্তারা একটি যৌথ তদন্ত শুরু করেছে। ইরাকি প্রধানমন্ত্রী নূরি আল-মালিকির সরকার জানিয়েছে, তারা ব্লাকওয়াটার এর সকল কার্যক্রম স্থগিত ঘোষণা করেছে এবং স্থানীয় ও বিদেশি সব নিরাপত্তা প্রতিষ্ঠানের কর্মকাণ্ডও পর্যালোচনা করবে।
ওডিয়েরনো বলেন, "ইরাকিদের সংযম দেখে আমি বিস্মিত হয়েছি। আমরা সেজন্য খুবই কৃতজ্ঞ।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এজে/এলকিউ/১৭৪৪ঘ.
bdnews24