দুবাই, সেপ্টেম্বর ২০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন আল-কায়েদা নেতা ওসামা বিন লাদেন। একটি ইসলামি ওয়েবসাইট বৃহস্পতিবার এ খবর জানিয়েছে। ওয়েবসাইটটি শিগগির লাদেনের একটি নতুন ভিডিও প্রকাশ করবে। তারা দাবি করেছে, লাদেন এতে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন।
ওয়েবসাইটে বলা হয়েছে, নতুন ভিডিওতে লাদেন পাকিস্তানের প্রেসিডেন্ট জেনারেল পারভেজ মুশাররফ ও তার সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। তবে তারা বিস্তারিত আর কিছু জানায়নি। কবে ভিডিওটি প্রকাশ করা হবে ওয়েবসইটটি তাও জানায়নি। তারা শুধু স্ক্রল হেডলাইন দিয়ে এই ভিডিও প্রকাশের খবর জানায়।
প্রায় তিন বছর পর গত ৭ সেপ্টেম্বর লাদেনের নতুন ভিডিও প্রকাশ করে আল-কায়েদা। এতে তিনি বলেন, "অর্থনৈতিক ও সামরিক ক্ষমতার শীর্ষে থাকা স্বত্ত্বেও আমেরিকা নিরাপদ নয়।"
এরপর গত ১১ সেপ্টেম্বর লাদেনের একটি অডিও টেপ প্রকাশ করা হয়। এতে তিনি ছয় বছর আগে নিউইয়র্ক ও ওয়াশিংটনে বিমান হামলাকারীদের প্রশংসা করেন। নাইন ইলেভেনের বর্ষপূর্তি উপলক্ষে এই অডিও টেপ প্রকাশ করা হয়।
ধারণা করা হয়, আফগানিস্তান ও পাকিস্তানের সীমান্তবর্তী পাহাড়ি এলাকায় বিন লাদেন লুকিয়ে আছেন। দূর্গম এই অঞ্চলকে মার্কিন বাহিনী আল-কায়েদার নিরাপদ ঘাঁটি বলে অভিহিত করে থাকে।
পাকিস্তানের কর্মকর্তারা বৃহস্পতিবার জানিয়েছেন, প্রেসিডেন্ট জেনারেল পারভেজ মুশাররফ আগামী ৬ অক্টোবর পূনঃনির্বাচন করবেন। সুপ্রিম কোর্টের আইনি চ্যালেঞ্জ ও দিনদিন জনসমর্থন কমা সত্ত্বেও তিনি এই নির্বাচন করছেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এফএইচবি/১৬৪৬ঘ.
bdnews24