লিমা, সেপ্টেম্বর ১৯ (বিডিনিউজ টুয়েন্টফোর ডটকম/বিবিসি) -- পেরুর এক প্রত্যন্ত অঞ্চলে মহাকাশ থেকে পড়া বস্তু থেকে সৃষ্ট গ্যাসে প্রায় ৬০০ ব্যক্তি অসুস্থ হয়ে পড়েছে। পতিত বস্তুটি একটি উল্কাপিণ্ড বলে মনে করা হচ্ছে। সরকারি কর্মকর্তারা এ খবর জানিয়েছেন।
আন্ডিজ পর্বতমালার নিকটবর্তী কারানকাস শহরের কাছে সপ্তাহান্তের এ ঘটনায় মাটিতে ৩০মিটার প্রস্থ এবং ছয় ফুট গভীর গর্তের সৃষ্টি হয়েছে। গর্তটির কাছে যাওয়ার পর এলাকাবাসীর মধ্যে মাথাব্যথা, বমির উপসগর্ দেখা দেয়।
শনিবার রাতে এ ঘটনাটির সুত্রপাত হয়। এসময় রাজধানী লিমা থেকে প্রায় ১,৩০০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত এলাকার মানূষ আকাশে একটি অগ্নিগোলক লক্ষ্য করে যা তাদের দিকে ধেয়ে আসছিল। এর পরপরই বস্তুটি মাটিতে আঘাত করায় গর্তের সৃষ্টি হয়।
গর্তটি থেকে দুর্গন্ধময় ও ক্ষতিকর ধরণের নির্গত হচ্ছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।
স্থানীয় এক অধিবাসী হেবের মামানি জানান,"বস্তুটা মাটিতে গেঁথে আছে। এ জন্য আমরা উদ্বিগ্ন এবং বিষয়টি বিশ্লেষন করতে বরছি। এ ঘটনায় একটি ষাঁড় মারা গেছে এবং ইতোমধ্যে অন্যান্য প্রাণীরা অসুস্থ হয়ে পড়েছে।"
পেরুর পরমাণু শক্তি ইনস্টিটিউটের প্রকৌশলী রেনান রামিরেজ বলেন, গর্ত থেকে কোন প্রকার তেজস্ক্রিয়তা লক্ষ্য করা যায়নি। ভূপতিত বস্তুটি উপগ্রহ হওয়ার সম্ভাবনা তিনি নাকচ করে দেন।
পেরুর অন্যতম শীর্ষ এক ভূতত্ত্ববিদ হোনোরিও ক্যাম্পোব্লানকো ঘটনাস্থলের কাছে যাওয়া থেকে জনগণকে বিরত রাখতে কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন।
বিডিনিউজ টুয়েন্টিফোরর ডটকম/এফএফ/এসকে/১৩৩৫ঘ.
bdnews24