কাঠমান্ডু,সেপ্টেম্বর ১৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - নেপালের অন্তবর্তী সরকার থেকে বেরিয়ে গেছে মাওবাদী গেরিলারা। মাওবাদীরা মঙ্গলবার জানিয়েছে, রাজতন্ত্র বিলুপ্তির বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে একটি চুক্তিতে উপনীত হতে ব্যর্থ হওয়ায় তারা এই অন্তর্বর্তী সরকার থেকে বেরিয়ে গেছে। এদিকে অবিলম্বে রাজতন্ত্র বিলুপ্তির ঘোষণা না দেওয়া হলে নভেম্বরে অনুষ্ঠেয় সাধারণ নির্বাচন বানচালেরও ঘোষণা দিয়েছে তারা। সরকার থেকে বেরিয়ে যাওয়ার পর মঙ্গলবার দেশব্যাপি শান্তিপূর্ণ বিক্ষোভ সমাবেশ শেষে মাওবাদীরা জানায় দাবি না মানলে সকল নির্বাচনী প্রক্রিয়ায় বাঁধা দেবে তারা। একইসঙ্গে অক্টোবরের চার তারিখ থেকে সারা দেশে তিনদিনের সাধারণ ধর্মঘটেরও ডাক দিয়েছে তারা।
মাওবাদীদের এ পদক্ষেপের ফলে গত বছর সম্পাদিত শান্তি চুক্তিটি বড় ধরণের অনিশ্চিয়তার মধ্যে পড়ল। ওই চুক্তিতে মাওবাদী গেরিলারা নেপালের জন্য একটি নতুন সংবিধান প্রণয়ণের উদ্দেশ্যে জাতীয় নির্বাচনে অংশ নিতে সম্মত হয় এবং সরকারে যোগ দেয়। আগামী ২২ নভেম্বর অনুষ্ঠেয় ওই নির্বাচনের মাধ্যমেই একটি বিশেষ পার্লামেন্ট গঠন করার কথা। ওই বিশেষ পার্লামেন্টেই নতুন সংবিধান প্রণয়ন এবং রাজতন্ত্রের ভবিষ্যতও নির্ধারণ হওয়ার কথা।
নেপালের প্রধানমন্ত্রী গিরিজা প্রসাদ কৈরালা এবং অন্যান্য প্রধান রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা শেষে মন্ত্রিপরিষদের মাওবাদী সদস্য দেব গুরাং রয়টার্সকে বলেন, "আলোচনা সফল না হওয়ায় আমরা প্রধানমন্ত্রীর কাছে আমাদের পদত্যাগপত্রগুলো জমা দিয়েছি।"
তবে এ বিষয়ে নেপাল সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
মাওবাদীরা দাবি জানিয়ে আসছে যে আগামী ২২ নভেম্বরের নির্বাচনের আগেই নেপালকে অবশ্যই একটি প্রজাতন্ত্র হিসাবে ঘোষণা করতে হবে। একইসঙ্গে তারা অভিযোগ করে আসছে যে রাজা জ্ঞানেন্দ্র এবং তার সমর্থকরা নির্বাচন বানচালের চেষ্টা করছেন।
মঙ্গলবার বিকালেই রাজধানী কাঠমান্ডুতে এক বিশাল সমাবেশ শেষে মাওবাদীদের উপপ্রধান নেতা বাবুরাম ভট্টরাই বলেন,"আমরা নির্বাচন কমিশনের কোনো আচরণবিধি মানবো না এবং সব নির্বাচনী প্রস্তুতিতে বাঁধা দেবো।"
অক্টোবরের চার তারিখ থেকে তিন দিনের সাধারণ ধর্মঘটের ডাক দিয়ে তিনি বলেন," আমরা শান্তিপূর্ণ প্রতিবাদ জানাবো তবে আমাদের কর্মসূচিতে কেউ বাঁধা দিতে আসলে তা প্রতিহত করারও অধিকার রয়েছে আমাদের।"
নেপালের নতুন সরকার ইতিমধ্যেই সেনাবাহিনীর নিয়ন্ত্রণসহ রাজা জ্ঞানেন্দ্রর কাছ থেকে প্রায় সব ক্ষমতা নিয়ে নিয়েছে। তবে এখনও রাজতন্ত্র বিলুপ্তির কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি।
উল্লেখ্য, ১৯৯৬ সালে শুরু হওয়া মাওবাদী সংঘর্ষে নেপালে প্রায় ১৩ হাজার লোক নিহত হয়েছে। আর সে সংঘর্ষে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বিশ্বের অন্যতম দরিদ্র এ দেশটির বিদেশি সাহায্য এবং পর্যটন নির্ভর অর্থনীতি।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এজে/এএমটি/১৮০৮ ঘ.
bdnews24