২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানের ওয়াজিরিস্তানে ১৮ সেনাকে হত্যা করেছে জঙ্গিরা

উত্তর ওয়াজিরিস্তানের আদিবাসী এলাকায় মুসলিম জঙ্গিরা ১৮ পাকিস্তানি সেনাকে হত্যা করেছে। গোয়েন্দা কর্মকর্তারা মঙ্গলবার একথা জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Sep 2007, 08:41 AM

Updated : 26 Aug 2022, 08:38 PM

মিরানশাহ, পাকিস্তান, সেপ্টেম্বর ১৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - উত্তর ওয়াজিরিস্তানের আদিবাসী এলাকায় মুসলিম জঙ্গিরা ১৮ পাকিস্তানি সেনাকে হত্যা করেছে। গোয়েন্দা কর্মকর্তারা মঙ্গলবার একথা জানিয়েছেন। আল কায়েদা ও তালেবান সমর্থকদের শক্ত ঘাঁটি হিসাবে পরিচিত উত্তর ওয়াজিরিস্তানের প্রধান শহর মিরানশাহ ৭০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমের শাওয়াল এলাকায় রোববার রাতে ওই সেনাদের হত্যা করা হয়। কর্মকর্তারা জানান, আফগান সীমান্তের কাছের ওই এলাকায় রোববার রাতে নিহত সেনাদের মধ্যে কয়েকজন কমান্ডোও রয়েছেন। তারা আরও জানান, একই এলাকায় রোববার রাতে শুরু হওয়া সংঘর্ষে ১৬ জঙ্গিও নিহত হয়। একজন গোয়েন্দা কর্মকর্তা রয়টার্সকে বলেন, "গ্রামবাসীরা নিহত সেনাদের লাশ দেখতে পেয়ে সেনাবাহিনীকে খবর দেয়। তাদের অধিকাংশকেই গুলি করে হত্যা করা হয়েছে। তবে তাদের কায়েকজনের গলাও কাটা হয়।" গত জুলাই মাসে উত্তর ওয়াজিরিস্তানের জঙ্গিদের সঙ্গে একটি শান্তি চুক্তি ভেঙে যাওয়ার এবং ইসলামাবাদের লাল মসজিদে সেনা অভিযানের পর থেকে পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে সহিংসতা বৃদ্ধি পেয়েছে। সেসব সহিংসতায় নিহত হয়েছে কয়েক শত লোক। এদিকে, প্রতিবেশী দক্ষিণ ওয়াজিরিস্তানের জঙ্গিদের কাছে এখনও জিম্মি রয়েছে প্রায় আড়াইশ' পাকিস্তানি সেনা। গত মাসে একটি গাড়িবহরে করে ভ্রমণকালে তাদেরকে আটক করে জঙ্গিরা। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এজে/এএমটি/১৪২০ ঘ.