ওয়াশিংটন, সেপ্টেম্বর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- যুক্তরাষ্ট্রে ইরাকি শরণার্থীদের আশ্রয়দান প্রক্রিয়ায় ধীরগতির আভাস দিয়েছেন আশ্রয় ইরাকের মার্কিন রাষ্ট্রদূত রায়ান ক্রোকার। সতর্ক করে দিয়ে তিনি বলেছেন, আমলাতান্ত্রিক জটিলতার কারণে যুক্তরাষ্ট্রে আশ্রয় অণ্বষণে আসা প্রায় ১০ হাজার শরণার্থীকে ২ বছর পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে। 'দ্য ওয়াশিংটন পোস্ট' পত্রিকা সোমবার এক প্রতিবেদনে একথা জানায়।
পত্রিকার প্রতিবেদনে বলা হয়, মার্কিন পররাষ্ট্র দফতরের 'ইরাকি শরণার্থী প্রক্রিয়া: আমরা কি ত্বরান্বিত করতে পারি?' শীর্ষক ধারাবাহিক কর্মসূচি সম্পর্কে ক্রোকার বলেন, শরণার্থীদের তল্লাশি করে দেখার জন্য মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের কয়েকটি অফিস রয়েছে জর্ডানে।
ক্রোকার বলেন, হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের কড়া নিরাপত্তা ব্যবস্থা এবং অন্যান্য বড় ধরনের প্রতিবন্ধকতার কারণে যুক্তরাষ্ট্রে ইরাকি শরণার্থীদের আশ্রয় পাওয়া কঠিন হবে। আর এজন্য শরণার্থীদেরকে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে ৮ থেকে ১০ মাস পর্যন্ত অপেক্ষা করতে হবে।
ক্রোকার আরও বলেন, "শরণার্থী পুনর্বাসন একটি দীর্ঘ প্রক্রিয়া।" এদিকে, পোস্ট পত্রিকা জানায়, হোমল্যান্ড সিকিউরিটির ক্ষেত্রে জর্ডানের অফিসগুলোতে একজন কর্মকর্তা গড়ে ৪ জনের সাক্ষাৎকার নিয়ে থাকেন। এরকম আরও কয়েকটি কারণে ১০ হাজার শরণার্থী যুক্তরাষ্ট্রে ঢুকতে ২ বছর পর্যন্ত সময় লেগে যেতে পারে বলে জানান ক্রোকার।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৮৫৯ঘ.
bdnews24