ওয়াশিংটন, সেপ্টেম্বর ১৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স/বিবিসি)- মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের অর্থনৈতিক নীতির সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের সাবেক চেয়ারম্যান অ্যালান গ্রিনস্প্যান। তিনি বলেছেন, প্রেসিডেন্ট বুশ ও রিপাবলিকান আইন প্রনেতারা অর্থনৈতিক শৃঙ্খলার প্রতি অমনযোগী এবং রাজনীতিকেই অর্থনীতির চেয়ে বেশি প্রধান্য দিচ্ছেন।
গ্রিনস্প্যান তার বই 'অশান্ত যুগ : নতুন বিশ্বে যাত্রা'- এ প্রেসিডেন্ট বুশ ও রিপাবলিকান কংগ্রেস সদস্যদের এই সমালোচনা করেছেন। আগামী সপ্তায় বইটি বাজারে ছাড়বে পেঙ্গুইন প্রেস।
গ্রিনস্প্যান লিখেছেন, 'আউট অফ কন্ট্রোল' বিলে ভেটো দিতে তিনি প্রেসিডেন্ট বুশকে পরামর্শ দিয়েছিলেন। সেসময় কংগ্রেস রিপাবলিকানদের নিয়ন্ত্রণেই ছিল। কিন্তু তারপরও বুশ তার পরামর্শ মানেননি। তিনি মনে করেন, এই বিলে ভেটো না দিয়ে প্রেসিডেন্ট বুশ বড় ধরনের ভুল করেছিলেন।
তিনি অভিযোগ করেন, এ বিলের কারণেই আরো বেশি অর্থনৈতিক ঘাটতিতে পড়ে দেশ। এজন্য গত বছরের নির্বাচনে কংগ্রেসের নিয়ন্ত্রণ হারানো রিপাবলিকানদের প্রাপ্য ছিল বলে তিনি মনে করেন।
তিনি বলেন, "আমার কাছে সবচেয়ে অবাক লেগেছে, বুশ প্রশাসনের অর্থনৈতিক নীতি নির্ধারণ করেছেন হোয়াইট হাউসের কর্মকর্তারা।"
৮১ বছর বয়স্ক গ্রিনস্প্যান টানা ১৯ বছর ফেডারেল রিজার্ভের চেয়ারম্যানের দায়িত্ব পালনের পর ২০০৬ সালের জানুয়ারিতে পদত্যাগ করেন।
গ্রিনস্প্যান তার বইতে নিজেকে একজন 'জীবনভর স্বাধীনচেতা রিপাবলিকান' হিসেবে উল্লেখ করেছেন।
১৯৮৭ সালে শেয়ার বাজারে ধ্বস, ১০৯৭-'৯৮ সালে এশিয়া ও রাশিয়ার অর্থনৈতিক সংকট ও নাইন ইলিভেনের পর অর্থনৈতিক অস্থিতিশীলতার সময় ফেডারেল রিজার্ভের চেয়্যারম্যান হিসেবে দক্ষতা দেখিয়ে গ্রিনস্প্যান সুনাম অর্জন করেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এফএইচবি/১৯২৬ঘ.
bdnews24