ওয়াশিংটন, সেপ্টেম্বর ১৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - সন্দেহভাজনদের কাছ থেকে তথ্য বের করতে পানিতে চুবিয়ে নিপীড়নের মাধ্যমে জিজ্ঞাসাবাদের বিতর্কিত পদ্ধতি নিষিদ্ধ করেছে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ। এবিসি নিউজ করপোরেশন শুক্রবার একথা জানিয়েছে।
এবিসি নিউজ জানিয়েছে, সিআইএ'র বর্তমান ও সাবেক কর্মকর্তাদের কাছ থেকে পাওয়া খবর অনুযায়ী গত বছরের কোনো এক সময় থেকে এ ধরনের নিপীড়নমূলক ও বিতর্কিত জিজ্ঞাসাবাদ পদ্ধতি নিষিদ্ধ করেছে গোয়েন্দা সংস্থাটি। সিআইএ'র উপ-প্রধান স্টিভ কাপ্পাসের পরামর্শে সংস্থাটির প্রধান মাইকেল হেডেন ওই নিষেধাজ্ঞা জারি করেন। হোয়াইট হাউসের অনুমোদন সাপেক্ষেই তা করা হয়েছে বলেও জানান কর্মকর্তারা।
সিআইএ মুখপাত্র মার্ক ম্যানসফিল্ড বলেছেন, সংস্থাটির নীতি অনুসারে জিজ্ঞসাবাদের পদ্ধতি সম্পর্কে কোনো মন্তব্য করছেন না তিনি। তবে জিজ্ঞাসাবাদের ক্ষেত্রে অনুসৃত পদ্ধতিগুলো যে আইনসম্মত কেবল সেটাই জোর দিয়ে বলতে পারেন তারা।
'ওয়াটার বোর্ডিং' নামে পরিচিত এ জিজ্ঞাসাবাদ কৌশলকে নিপীড়নমূলক বলে অভিহিত করে আসছে মানবাধিকার সংস্থা ও বিভিন্ন অধিকার ফোরামগুলো।
এ পদ্ধতিতে একজন বন্দির নাক মুখ পানিতে চুবিয়ে রেখে তার মধ্যে একভাবে পানিতে ডুবে মরার মতো ভীতি তৈরী করা হয় এবং এভাবে তার কাছ থেকে তথ্য বের করার চেষ্টা চালানো হয়।
এদিকে, জিজ্ঞসাবাদের ক্ষেত্রে নিপীড়নমূলক পদ্ধতি অনুসরণ না করতে 'জেনেভা কনভেনশন' মেনে চলা সংক্রান্ত এক নির্বাহী আদেশে জুলাই মাসে স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট জর্জ বুশ। আল কায়েদা ও তালেবান সন্দেহভাজন বন্দিদেরকে জেনেভা কনভেনশনের আওতা বহির্ভূত রাখার নির্দেশ দেওয়ার প্রায় পাঁচ বছর পর ওই আদেশে স্বাক্ষর করেন বুশ।
যুক্তরাষ্ট্র কোনো নিপীড়নমূলক ব্যবস্থা অনুসরণ করছে না বলে প্রেসিডেন্ট বুশ বরাবরই দাবি করে আসলেও বিশ্বের বিভিন্ন জায়গায় সিআইএ'র গোপন বন্দিশালাগুলোতে এবং কিউবার গুয়ানতানামো কারাগারে ব্যাপক বন্দি নির্যাতনের অভিযোগ বিশ্বজুড়ে নিন্দিত হয়ে আসছেন বুশ।
গত বছর এক রেডিও সাক্ষাতকারে পানিতে চুবিয়ে জিজ্ঞাসাবাদ করার পদ্ধতির সাফাই গেয়ে ভীষণ সমালোচিত হন ভাইস প্রেসিডেন্ট ডিক চেনি।
ওই সাক্ষাতকারে চেনি বলেছিলেন যে তিনি মনে করেন 'পানিতে ডুবে যাওয়ার মতো অবস্থায়' যদি কেউ কথা বলে এবং তাতে করে যদি অনেক মানুষের জীবন বাঁচানো যায় তাহলে তা সমর্থন করেন তিনি।
অবশ্য পরে সমালোচনার মুখে ওই অবস্থান থেকে সরে এসে তিনি বলেন, কোনো সুনির্দিষ্ট জিজ্ঞাসাবাদ পদ্ধতি সম্পর্কে ওই কথা বলেননি তিনি।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স/এএমটি/১৪১৫ ঘ.
bdnews24