ওয়াশিংটন, সেপ্টেম্বর ১৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - ২০০৮ সালে ইরাক থেকে আরও বেশি মার্কিন সেনা প্রত্যাহারেরর বিষেয় আশাবাদ ব্যক্ত করেছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী রবার্ট গেটস। শুক্রবার তিনি বলেছেন, ইরাকে বর্তমানে যে এক লাখ ৬৯ হাজার মার্কিন সেনা মোতায়েন আছে ২০০৯ সালের জানুয়ারি মাসের মধ্যে তা কমে প্রায় এক লাখে নেমে আসতে পারে।
ইরাকে শীর্ষ মার্কিন কমান্ডার জেনারেল ডেভিড পেত্রাউস এ সপ্তায় কংগ্রেসের কাছে করা এক সুপারিশে বলেছিলেন, আগামী বছরের জুলাই মাসের মাঝামাঝি নাগাদ তিনি ইরাকে মোতায়েন পাঁচটি কমব্যাট বিগ্রেড এবং কয়েকটি মেরিন ইউনিট প্রত্যাহারের পরিকল্পনা করেছেন। একটি কমব্যাট ব্রিগেডে সাধারণত তিন থেকে পাঁচ হাজার সেনা থাকে।
প্রতিরক্ষামন্ত্রী গেটস বলেন, তিনি আশা করছেন পেত্রাউস আগামী বছরের প্রথমার্ধ নাগাদ অতিরিক্ত আরও প্রায় পাঁচটি কমব্যাট ব্রিগেড (প্রায় ২০ হাজার সেনা) প্রত্যাহার করার সুপারিশ করতে সক্ষম হবেন।
পেন্টাগনের এক সংবাদ সম্মেলনে গেটস বলেন, "আমার আশা এই যে মার্চ মাসের মূল্যায়ন প্রতিবেদন জমা দেওয়ার সময় জেনারেল পেত্রাউস এটা বলতে সক্ষম হবেন যে তিনি মনে করেন, বছরের প্রথমার্ধের মতোই বছরের দ্বিতীয়ার্ধেও সেনা প্রত্যাহারের গতি একই রাখা সম্ভব।"
তবে গেটস সতর্ক করে দিয়ে বলেন, যে কোনো প্রত্যাহার নির্ভর করবে ইরাক পরিস্থিতির ওপর।
আগামী বছরের দ্বিতীয়ার্ধে আরও পাঁচটি কমব্যাট ব্রিগেড প্রত্যাহার করে নিলে ২০০৯ সালের জানুয়ারি মাস নাগাদ ইরাকে গড়পড়তা এক লাখ সেনা মোতায়েন থাকবে কিনা এ প্রশ্নের জবাবে গেটস বলেন: "সেটা গাণিতিক বিষয়।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এজে/এএমটি/১৩৪৫ ঘ.
bdnews24