বার্লিন, সেপ্টেম্বর ১৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - জার্মান চ্যান্সেলর এঞ্জেলা মার্কেল সন্ত্রাসবাদ মোকাবেলায় অনলাইন নজরদারির পক্ষে মত দিয়েছেন। শুক্রবার তিনি বলেন, অনলাইনে সন্দেহভাজন সন্ত্রাসী কর্মকাণ্ড সনাক্তকরণের জন্য জার্মানির নিরাপত্তা সংস্থাগুলোকে অবশ্যই ইন্টারনেটে নজরদারির অনুমতি দেওয়া উচিত।
বার্লিনে এক সম্মেলনে ইন্টারনেটের কথা উল্লেখ করে মার্কেল বলেন, "এটা এমন জায়গা হতে পারে না যেখানে সন্ত্রাসীরা নিরাপদ এবং রাষ্ট্র সেখানে প্রবেশ করতে পারে না।"
জার্মানির ফেডারেল ক্রাইম অফিস (বিকেএ) যাতে অনলাইন নজরদারি করতে পারে সে জন্য ছাড়পত্র পাওয়ার চেষ্টা করছেন মার্কেলের ক্রিস্টিয়ান ডেমোক্রেটস পার্টির নেতা এবং জার্মান স্বরাষ্ট্রমন্ত্রী উল্ফগ্যাং শায়েবল।
এ মাসের প্রথম দিকে একটি ইসলামি জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িত সন্দেহে তিনজনকে গ্রেপ্তারের পর থেকে জার্মানির অভ্যন্তরীণ নিরাপত্তার বিষয়টি বেশ গুরুত্ব সহকারে আলোচিত হচ্ছে।
নিরাপত্তা সংস্থাগুলো জানায়, সংগঠনটি বিমানবন্দর এবং জার্মানিতে অবস্থিত যুক্তরাষ্ট্রের স্থাপনাগুলোতে হামলার পরিকল্পনা করছিল।
এদিকে, মার্কেলের স্যোশাল ডেমোক্রেট (এসপিডি) জোটের শরীকরা বলছে, নীতিগতভাবে তারা অনলাইন নজরদারির বিরোধী নয়। তবে জার্মানির সর্বোচ্চ আদালতের অনুমতি সাপেক্ষে তা করতে দেওয়ার অনুমোদন দেওয়া উচিত।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এজে/এএমটি/১২২০ ঘ.
bdnews24