টোকিও, সেপ্টেম্বর ১৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- জাপানের প্রধানমন্ত্রী সিনজো আবে পদত্যাগের ঘোষণা দেওয়ার পর তার উত্তরসুরী নির্বাচনে ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পাটির্র নেতাদের (এলডিপি) মধ্যে প্রতিযোগিতা শুরু হয়ে গেছে।
এখন পর্যন্ত মনে হচ্ছে দুজনের মধ্যেই চূড়ান্ত প্রতিদ্বন্দ্বিতা হতে পারে। এরা হলেন, সাবেক কেবিনেট সেক্রেটারি ইয়াসুও ফুকুদা ও সাবেক পররাষ্ট্র মন্ত্রী এলডিপির সেক্রেটারি-জেনারেল তারো আসো। কিয়োদো বার্তা সংস্থার এক জনমত জরিপে দেখা গেছে, ফুকুদার জনসমর্থন ২৮ দশমিক ১ শতাংশ। আর তারো আসোর জনসমর্থন ১৮ দশমিক ৭ শতাংশ।
অর্থমন্ত্রী ফুকুশিরো নুকাগা জাপানের পরবর্তী প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব নেওয়ার আগ্রহ প্রকাশ করলেও শুক্রবার তিনি প্রতিযোগিতা থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন।
৭১ বছর বয়সী সাবেক আইন প্রনেতা ইয়াসুও ফুকুদা জাপানের সঙ্গে প্রতিবেশী দেশগুলোর সুসম্পর্ক চান। বয়স বেড়ে গেছে উল্লেখ করে ফুকুদা গত বছর আবের সঙ্গে প্রতিযোগিতা করতে চাননি। এবার তার পাশে দাঁড়িয়েছেন সাবেক সফল প্রধানমন্ত্রী জুনিচিরো কইজুমি।
অন্যদিকে, সাবেক পররাষ্ট্র মন্ত্রী তারো আসোও বিদায়ী প্রধানমন্ত্রী সিনজো আবের বেশ ঘনিষ্ঠ। আবের অধিকাংশ সিদ্ধান্ত তিনি সমর্থন করতেন।
কিন্তু জনমত জরিপে আসোর চেয়ে এগিয়ে ফুকুদা। অর্থনৈতিক ব্যাপারে ফুকুদা এবং আসোর মধ্যে বেশি ব্যবধান না থাকলেও পররাষ্ট্র নীতির ক্ষেত্রে দুজনের দৃষ্টিভঙ্গি বেশ ভিন্ন।
ফুকুদা মার্কিন প্রভাব যতটা সম্ভব কমাতে চান এবং চীনের সঙ্গে সুসম্পর্ক তৈরি করতে আগ্রহী।
অন্যদিকে, সাবেক পররাষ্ট্রমন্ত্রী আসো চীনকে আগাগোড়াই হুমকি হিসেবে বিবেচনা করেলেও শুক্রবার তিনি ভিন্ন সুরে কথা বলেছেন। সংবাদ সম্মেলনে প্রার্থীতা ঘোষণা করে তিনি বেইজিং ও সিউলের সঙ্গে সম্পর্ক উন্নয়নে তার ভূমিকাকে বেশি করে তুলে ধরার চেষ্টা করেন।
তবে ক্ষমতা ছেড়ে দেওয়ার ঘোষণায় আবে জানিয়েছিলেন, জাপানের নতুন নেতাকে আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন অভিযানে নিয়োজিত নৌ মিশন নিয়ে সৃষ্ট অচলবস্থা নিরসনে সক্ষম হতে হবে।
তবে আবের উত্তরসূরী হিসাবে যিনিই জাপানের প্রধানমন্ত্রী নির্বাচিত হোন না কেন তাকে অচিরেই পার্লামেন্টে অচলবস্থার সম্মুখীন হতে হবে।
কেননা, জাপানের প্রধান বিরোধীদল ডেমোক্রেটিক পার্টিসহ কয়েকটি ছোট জোট গত জুলাই মাসের নির্বাচনে পার্লামেন্টের উচ্চকক্ষের নিয়ন্ত্রণ নিয়েছে। তারা আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন অভিযানে মার্কিন সেনাদের সঙ্গে নিয়োজিত জাপানি নৌ-মিশনের মেয়াদ বাড়ানোর বিরোধিতা করছে। আবে এই মিশনের মেয়াদ বাড়াতে চেয়েছিলেন।
টোকিও'র সোফিয়া বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক বলেন, "এলডিপি সবার কাছে গ্রহণযোগ্য এমন কাউকে প্রধানমন্ত্রী করতে চাইছে।"
তবে ফুকুদা দলের সভাপতি ও দেশের প্রধানমন্ত্রী হিসেবে তার প্রার্থীতা ঘোষণা করার সময় একটু ভিন্ন সুরে কথা বলেছেন। তিনি বলেন, "আমি কখনো চিন্তা করিনি এই পদের জন্য লড়তে পারব। এটা এমন কিছু যা আমি আদৌ ভাবিনি। কাজেই আমি হতভম্ব।"
অন্যদিকে, ফুকুডার সমালোচনা করে তার প্রধান প্রতিদ্বন্দ্বী দলের সেক্রেটারি জেনারেল তারো আসো বলেছেন, "প্রতিযোগিতার পর্দা ওঠার আগেই এটা ঠিক নয়। আমরা যদি শেষ পর্যন্ত না লড়তে পারি তাহলে দলের ভাবমূর্ত কি দাঁড়াবে?"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এলকিউ/১৮৫০ঘ.
bdnews24