রামাদি, ইরাক, সেপ্টেম্বর ১৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - ইরাকের আল কায়েদা-বিরোধী নেতা আব্দুল সাত্তার আবু রাইসা'র মৃত্যুর পর মার্কিন বাহিনীর সঙ্গে আল কায়েদার বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছেন সুন্নি আরব ইরাকিরা। আনবার প্রদেশের রাজধানী রামাদিতে বৃহস্পতিবার এক বোমা হামলায় আবু রাইসা নিহত হন। শত শত সুন্নি আরব শুক্রবার তার জানাজায় অংশ নেন।
আবু রাইসার ভাই আহমেদ আবু রাইসা বলেন," আনবারের সব গোষ্ঠীই একমত যে, আমাদের শেষ শিশু সন্তানটি পর্যন্ত আল কায়েদার বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবে।"
মাত্র দুই সপ্তাহ আগে প্রেসিডেন্ট বুশের সঙ্গে দেখা করেছিলেন আনবার স্যালভেশন কাউন্সিলের নেতা আবু রাইসা। বৃহস্পতিবারের ওই বোমা হামলায় রাইসা ও তার দেহরক্ষী ও ব্যক্তিগত সচিব নিহত হওয়ার পরপরই তার ভাই আহমেদ আবু রাইসাকে আনবার স্যালভেশন কাউন্সিলের প্রধান ঘোষণা করা হয়।
গত ৩ সেপ্টেম্বর মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের আনবার প্রদেশ সফরের সময় তিনি তার সঙ্গে সাক্ষাৎ করেন। সে সময়ে তিনি আল-কায়েদার বিরুদ্ধে ইরাক সরকার ও মার্কিন বাহিনীকে সহযোগিতার আশ্বাস দিয়েছিলেন।
আবু রাইসার হত্যাকাণ্ড সম্পর্কে প্রতিক্রিয়া জানিয়ে আনবারের আল বুফাদা গোত্রের নেতা শেখ রশিদ মজিদ বলেন,"শেখ আবু রাইসার হত্যাকাণ্ড আমাদেরকে আরও শক্তি যোগাবে এবং আল কায়েদা সদস্যদের বিরুদ্ধে লড়াই করতে এবং আল কায়েদাকে পরাস্ত করতে প্রেরণা যোগাবে।"
মজিদ আরও বলেন যে,"শেখ আবু রাইসার হত্যাকাণ্ড একইসঙ্গে আমাদেরকে আরও সতর্ক হওয়ারও ইঙ্গিত বহন করছে। শিথিল নিরাপত্তাই যে তার মৃত্যুর কারণ এটা যেমন নিশ্চিত তেমনি এটা যে আল কায়েদতার কাজ সেটাও নিশ্চিত।"
রামাদির ৪৫ বছর বয়সী এক ইরাকি মোহাম্মদ হুসেইন বলেন, " আনবারের সব মানুষই যাকে আপন এবং নিজের লোক বলে মনে করতো তিনি হলেন শেখ আবু রাইসা।"
এর আগে বৃহস্পতিবার রামাদির এক পুলিশ কর্মকর্তা জানান, বিস্ফোরণে রাইসার গাড়িটি পুরোপুরি ধ্বংস হয়ে যায়। তিনি ঘটনাস্থলেই মারা যান।
তবে এই সুন্নি নেতার অপর এক দেহরক্ষী দাবি করেন বোমাটি তার গাড়িতেই পাতা ছিল। তার ধারণা, নিহত দেহরক্ষী বিশ্বাসঘাতকতা করে এই বিস্ফোরণ ঘটিয়েছে।
কেউ এই হামলার দায় স্বীকার না করলেও সরকার এই হত্যকান্ডের জন্য আল-কায়েদাকে দায়ী করেছে।
জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মোয়াফাক আল-রুবাই এই ঘটনার নিন্দা করে বলেছেন, আল কায়েদায় এ কাজ করতে পারে।
আনবার প্রদেশসহ ইরাকের পশ্চিমাঞ্চলে আল-কায়েদা বিরুদ্ধে লড়াইয়ে সুন্নি নেতা আবু রাইসা ছিলেন ইরাকি সরকার ও মার্কিন বাহিনীর অন্যতম মিত্র। তিনি ছিলেন আনবার মুক্তি পরিষদের অন্যতম নেতা।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএমটি/১৮১৮ ঘ.
bdnews24