জাকার্তা, সেপ্টেম্বর ১২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- শক্তিশালী ভূমিকম্পের পর একের পর এক পরঘাতে কেঁপে কেঁপে উঠছে ইন্দোনেশিয়ার সুমাত্রা।
ভূমিকম্পে নিহত হয়েছে অন্ততপক্ষে ৬ জন। আরও বহু মানুষ ধ্বংসস্তুপের নিচে চাপা পড়ে আছে। বারবার কম্পনের কারণে উদ্ধার তৎপরতা ব্যহত হচ্ছে।
সুনামির আশঙ্কায় ভারত মহাসাগর পরিবেষ্টিত দেশগুলোতে বারবার সতর্কতা জারি করা হচ্ছে। আবার তা তুলেও নেওয়া হচ্ছে। সুমাত্রা দ্বীপে বুধবার বড় ধরণের ভূমিকম্পের পর ভারত মহাসাগরের উপকূলে অবস্থিত বিভিন্ন দেশ সুনামি সতর্কতা জারি করে।
বুধবার সুমাত্রায় স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ১০ মিনিটে প্রথমে রিখটার স্কেলে ৮ দশমিক ২ মাত্রার ভূমিকম্প হয়। এর কয়েক ঘন্টা পর একই এলাকায় দ্বিতীয়বার আবার ভূমিকম্প হয়। তবে এটির মাত্রা ছিল কম।
ইন্দোনেশিয়ার এক সরকারি কর্মকর্তা জানান ভূমিকম্পে এ পর্যন্ত ছয়জন মারা গেছে। আহত হয়েছে শতাধিক।
প্রথমবার ভূমিকম্পের পর ইন্দোনেশিয়া সুনামি সতর্কতা জারি করে। দ্বিতীয়বার আবার ভূমিকম্প হলে দ্বিতীয় সতর্কতা জারি করা হয়। এরপরই সুনামি আতঙ্ক ছড়িয়ে পড়ে ইন্দোনেশিয়াসহ গোটা দক্ষিণ-পূর্ব এশিয়ায়।
ভারত মহাসাগরের উপকূল জুড়ে অন্যান্য দেশও সুনামি সতর্কতা জারি করে। যদিও পরিস্থিতি পর্যবেক্ষণ করে কয়েক ঘন্টা পর সব দেশই একে একে সতর্কতা প্রত্যাহার করে নেয়।
মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ বিভাগ তাদের ওয়েব সাইটে প্রাথমিকভাবে জানায় আট মাত্রার ভূমিকম্প হয়েছে। এর কিছুক্ষণ পরে তারা আবার জানায়, আগের স্থানের সামান্য দূরে আরেকটি ৭ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প হয়েছে।
মার্কিন ভূতাত্বিক জরিপ সংস্থার ভূ-তত্ত্ববিদ ডালে গ্র্যান্ট রয়টার্সকে বলেন,"ভূমিকম্প পরবর্তী কম্পন আরও কয়েক ঘন্টা চলবে বলে মনে করছি আমরা।"
পশ্চিম সুমাত্রার মেয়র বলেছেন, ধ্বসে পড়া বিভিন্ন ভবনের নিচে চাপা পড়ে আছে অগণিত মানুষ। প্যাদাং এর মূল হাসপাতালটিও ভূমিকম্পে ধসে পড়েছে। আহতদের তাঁবুতে রাখা হয়েছে।
ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত বেঙ্কুলুর পরিস্থিতি নিয়ে কর্মকর্তারা চিন্তিত। কারণ এই উপকূলীয় নগরীতে প্রায় ৩ লাখ লোকের বাস।
ইন্দোনেশিয়ার গ্লোবাল টিভি জানায়, ভূমিকম্পে পশ্চিম সুমাত্রার রাজধানী প্যাদাং এর অনেক ভবন বিধ্বস্ত হয়েছে। অবরুদ্ধ ওই শহরের অনেক ভবনে আগুন জ্বলছে বলে তারা জানায়।
প্যাদাংয়ের এক অধিবাসী বলেন, "আমার পরিবার আর প্রতিবেশীরা উঁচু জায়গায় গিয়ে আশ্রয় নিচ্ছে। আর আমি যেখানে থাকি সে এলাকার সবাই চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আমি ভূমিকম্পে বাড়িঘর ভেঙে পড়তে দেখেছি। সকালের ভূমিকম্পের পর আমি একজনকে অজ্ঞান হয়ে যেতেও দেখেছি।"
ভূমিকম্পের পরঘাতের কারণে জাকার্তার অনেক অফিস খালি করে ফেলা হয়েছে আগেই। রয়টার্সের এক প্রত্যক্ষদর্শী ভূমিকম্পে ৪ তলা ভবনও ধবসে পড়তে দেখার কথা জানিয়েছেন।
জাকার্তার কেন্দ্রস্থলে একটি ব্যাংকের প্রযুক্তি কর্মকর্তা ওয়াইদুস্তিতি বলেন, "আমি নামাজ পড়ছিলাম। নামাজ শেষ করেই বুঝতে পারি ভূমিকম্প হচ্ছে। ভয় পেয়ে দ্রুত ভবন থেকে বের হওয়ার জন্য দৌড়াতে থাকি।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলকিউ/এসকে/১৫১৫ঘ.
bdnews24