জেরুজালেম, সেপ্টেম্বর ১২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ফিলিস্তিন রাষ্ট্রের ভবিষ্যত রূপরেখা নিয়ে আগামী নভম্বেরের সম্মেলনে যে চুক্তি হবে তা বাস্তবায়নের জন্য ফিলিস্তিনিদের একটি নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়ার চাপ প্রতিহত করছে ইসরায়েল।
গত সোমবার ফিলিস্তিন প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ও ইসরায়েলি প্রধানমন্ত্রী এহুদ ওলমার্টের মধ্যে বৈঠকে দু'পক্ষের আলোচনার জন্য প্রতিনিধিদল নিয়োগের সিদ্ধান্ত হয়। এই প্রতিনিধিদল আলাপ-আলোচনার ভিত্তিতে সীমান্তসহ বিভিন্ন ইস্যুতে দু'পক্ষের মধ্যে ব্যবধান কমিয়ে আনতে কাজ করবে।
গত সপ্তাহের এই বৈঠকের পর সম্ভাব্য চুক্তি বাস্তবায়নের জন্য ফিলিস্তিন ইসরায়েলের কাছ থেকে একটি নির্দিষ্ট সময়সীমার ব্যাপারে আরো বেশি চাপ দিচ্ছে।
ফিলিস্তিন চায় আগামী নভেম্বরের মাঝামাঝাতে আমেরিকায় সম্মেলনের আগে এ বিষয়ে ইসরায়েলের কাছ থেকে চূড়ান্ত কিছু আশ্বাস পেতে। তাহলে তারা জনগণের কাছে সেই সম্ভাব্য চুক্তি সহজে গ্রহণযোগ্য করাতে পারবে।
তবে ইসরায়েলি কর্মকর্তারা জানিয়েছেন এ ব্যাপারে ইসরায়েল সতর্কতার সঙ্গে এগুচ্ছে। তারা এমন কোনো সময়সীমা নির্দিষ্ট করতে চাইছে না যেটা বাস্তবায়ন করা কঠিন হবে। তাছাড়া এতে করে ফিলিস্তিনি পক্ষের বিভিন্ন পদক্ষেপের বিপরীতে ব্যবস্থা নিতে তারা সমস্যায় পড়বে।
ইসরায়েলের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, "আলোচনায় অগ্রগতি হচ্ছে, দু'পক্ষই জানে তাদের সাফল্য প্রয়োজন এবং তারা চূড়ান্ত দলিল চায়।"
তিনি আরো বলেন, "তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ফিলিস্তিন চায় নভেম্বরের সম্মেলনে যে চুক্তি হবে তা বাস্তবায়নের জন্য একটি নির্দিষ্ট সময়সীমা।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এফএইচবি/২১৪২ঘ.
bdnews24