হাভানা,সেপ্টেম্বর ১২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের হামলা নিয়ে মার্কিনিরাসহ গোটা বিশ্বকে বোকা বানিয়েছে যুক্তরাষ্ট্র। কিউবার প্রেসিডেন্ট ফিদেল ক্যাস্ত্রো মঙ্গলবার একথা বলেছেন। তিনি আরও বলেছেন, আসলে কোনো বিমান নয়, পেন্টাগনে আঘাত হেনেছিল একটি রকেট। কিউবার সরকারি টেলিভিশনে ফিদেলের ওই বক্তব্য প্রচার করা হয়।
ক্যাস্ত্রো বলেন, "সবাই এখন জানে যে তারা ইচ্ছাকৃতভাবে ভুল তথ্য দিয়েছে। তিনি বলেন, পেন্টাগনে কোনো বিমান আঘাত হানেনি, আঘাত হেনেছিল একটি রকেট। কারণ ওই বিমানের যাত্রীদের কোনো খোঁজ দিতে পারেনি যুক্তরাষ্ট্র।
পত্রিকায় প্রকাশিত তার এক লেখা থেকে ক্যাস্ত্রোর এসব বক্তব্য পাঠ করে শোনানো হয় কিউবার সরকারি টেলিভিশনে। গত বছরের জুলাইতে অন্ত্রে অস্ত্রোপচারের সময় ভাই রাউলকে ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্ব দেওয়া থেকে আর জনসমক্ষে আসেননি তিনি।
ক্যাস্ত্রো বলেন, "ঘনবসতিপূর্ণ নগরীতে দুর্ঘটনাবশত যেসব বিমান টুইন টাওয়ারে আছড়ে পড়েছিল সেসবের ক্ষয়ক্ষতির পরিমাণ দেখে তার সঙ্গে পেন্টাগনের আঘাতকে মিলিয়ে যে কেউই এ অনুমান করে থাকেন যে আসলে সেখানে কোনো বিমান আঘাত হানেনি।"
তিনি বলেন,"বিমানের আঘাতে যে গর্ত সৃষ্টি হয়েছিল (পেন্টাগনে) বলে বলা হয় ওইরকম জ্যামিতিকভাবে গোল গর্ত কেবল একটি নিক্ষিপ্ত রকেটের আঘাতেই হতে পারে।"
তিনি লেখেন," বাকী বিশ্বের সবার মতোই আমরাও তখন বোকা বনেছিলাম।"
ক্যাস্ত্রো বলেন ১১ই সেপ্টেম্বরে ছিনতাই করা বিমান নিয়ে টুইন টাওয়ারে হামলার ঘটনার প্রকৃত সত্য সম্ভবত কোনোদিনই জানা যাবে না। ওই হামলায় প্রায় ৩,০০০ মানুষ মারা গিয়েছিল।
ফিদেল ক্যাস্ত্রোর ৪,২৫৬ শব্দের ওই রচনার কোথাও বিশ্ব বাণিজ্য কেন্দ্রে হামলার পেছনে ওসামা বিন লাদেন এবং তার জঙ্গিবাদী দল আল কায়েদার কোনো উল্লেখ নেই।
ক্যাস্ত্রো আরও লেখেন, ১৯৮৪ সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগানকে হত্যার একটি ষড়যন্ত্র সম্পর্কে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা বাহিনীকে সতর্ক করে তথ্য দিয়েছিল কিউবা। তিনি বলেন ওই তথ্যের সূত্র ধরেই রিগানের ভাবী হত্যাকারীকে ধরেছিল এবং ষড়যন্ত্রটি নস্যাত করতে পেরেছিল মার্কিনিরা।
১৯৫৯ সালে বিপ্লবের মধ্য কিউবার ক্ষমতায় আসার পর থেকেই ফিদেল ক্যাস্ত্রোকে হত্যার বহু ষড়যন্ত্র চালিয়ে এসেছে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ। স
bdnews24