বাগদাদ, সেপ্টেম্বর ১২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - নিরাপত্তা হুমকি হ্রাস পেলে এবং ইরাকের নিজস্ব সেনাবাহিনী প্রস্তুত থাকলে ২০০৮ সালের শেষ নাগাদ ইরাকে মোতায়েন বিদেশি সেনা সংখ্যা অনেক কমে এক লাখের নিচে নেমে আসতে পারে। ইরাকের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মোয়াফ্ফাক আল-রুবাই বুধবার একথা বলেছেন।
এক সংবাদ সম্মেলনে রুবাই বলেন, "আগামী বছরের শষ নাগাদ বহুজাতিক বাহিনীর সেনা সংখ্যা এক লাখেরও কমে আসার একথা ফলতে খুব বেশি দেরী নেই।"
রুবাই বলেন, "এসবই নির্ভর করছে নিরাপত্তা পরিস্থিতি এবং হুমকির মাত্রার ওপর। সে হুমকি দেশের ভেতরের বা অঞ্চলের যেখানকারই হোক না কেন। তাছাড়া ইরাকি সেনাবাহিনীর প্রশিক্ষণের মাত্রার ওপরও এটি নির্ভর করছে।"
ইরাকে মোতায়েন বিদেশি সেনাদের অধিকাংশই মার্কিন সেনা হলেও সংবাদ সম্মেলনে সুনির্দিষ্টভাবে তিনি সে সম্পর্কে কিছু বলেননি। উল্লেখ্য, ইরাকে বর্তমানে এক লাখ ৬৮ হাজার মার্কিন সেনা মোতায়েন রয়েছে।
মার্কিন কংগ্রেসে ইরাকের শীর্ষ মার্কিন সেনা কমান্ডার জেনারেল ডেভিড পেত্রাউসের ইরাক যুদ্ধ বিষয়ক মূল্যায়ন প্রতিবেদন জমা দেওয়ার পরপরই কথাগুলো বললেন ইরাকের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা রুবাই। প্রসঙ্গত, ইরাকে সহিংসতা হ্রাস পাওয়ার কথা উল্লেখ করে আগামী জুলাই মাস নাগাদ ইরাক থেকে ৩০ হাজার মার্কিন সেনা প্রত্যাহারের সুপারিশ করেছেন পেত্রাউস।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এজে/এলকিউ/১৬১৪ঘ.
bdnews24