২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট এস্ত্রাদার যাবজ্জীবন কারাদণ্ড

ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট, সিনেমা নায়ক জোসেফ এস্ত্রাদাকে (৭০) যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। ফিলিপাইনের একটি দুর্নীতিবিরোধী আদালত বুধবার এ রায় দিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Sep 2007, 06:20 AM

Updated : 26 Aug 2022, 08:36 PM

ম্যানিলা, সেপ্টেম্বর ১২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স/বিবিসি) - ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট, সিনেমা নায়ক জোসেফ এস্ত্রাদাকে (৭০) যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। ফিলিপাইনের একটি দুর্নীতিবিরোধী আদালত বুধবার এ রায় দিয়েছে। সাবেক চিত্রতারকা এস্ত্রাদা ২০০১ সালে সেনা-সমর্থিত এক গণ-বিক্ষোভের মুখে ক্ষমতাচ্যুত হন। সেই থেকে গত ছয় বছরের অধিকাংশ সময় তিনি ফিলিপাইনের রাজধানী ম্যানিলার বাইরে অবস্থিত তার এক বিলাসবহুল বাসভবনে গৃহবন্দি হয়ে দিন কাটাচ্ছেন। বুধবারের রায়ের পরিপ্রেক্ষিতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আবারও তাকে সেখানে ফিরে যেতে হবে গৃহবন্দি জীবন কাটানোর জন্য। তবে পরবর্তী নির্দেশে তাকে যদি কারাগারে যেতে হয় সেক্ষেত্রে তার নতুন ঠিকানা হবে দক্ষিণ ম্যানিলার নিউ বিলিবিড কারাগারে। ওই কারাগারে প্রায় ২০ হাজার বন্দি রয়েছেন। নিউ বিলিবিড কারাগারের সুপারিনটেনডেন্ট জুয়ানিতো লিওপান্ডো বলেন, "অতীতে আমাদের এখানে অনেক 'হাই- প্রোফাইল' বন্দি ছিল। তাই আমরা সাবেক প্রেসিডেন্টকে স্বাগত জানাতে প্রস্তুত।" আদালতের রায়ে এস্ত্রাদা ২০০১ সালে গণ-বিক্ষোভের মুখে পদত্যাগে বাধ্য হওয়ার আগে প্রায় আট কোটি মার্কিন ডলার অর্থ আত্মস্যাৎ করার অভিযোগে অভিযুক্ত হয়েছেন। এছাড়া আদালত তাকে তার একটি বাসভবন ছেড়ে দেওয়ার এবং এক কোটি ৫৫ লাখ মার্কিন ডলারের বেশি টাকা জরিমানা দেওয়ারও নির্দেশ দিয়েছে। তবে শপথ ভঙ্গের অভিযোগ থেকে খালাস পেয়েছেন এস্ত্রাদা। এছাড়া তার ছেলে জিঙ্গয় দুর্নীতির অভিযোগ থেকে খালাস পেয়েছেন। এদিকে, এস্ত্রাদা আদালতের এ রায়কে প্রত্যাখ্যান করে একে একটি 'ক্যাঙ্গারু আদালতের' (প্রহসনমূলক আদালত) মাধ্যমে হাসিল করা রাজনৈতিক সিদ্ধান্ত হিসাবে অভিহিত করেছেন। এস্ত্রাদার বিরুদ্ধে দায়ের মামলার রায় ঘোষণা উপলক্ষে বুধবার ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় কড়া নিরাপত্ত ব্যবস্থা গ্রহণ করা হয়। আদালত প্রাঙ্গন থেকে অনেক দূরে আটকে রাখা হয় তার সমর্থকদের। ফিলিপাইনের প্রেসিডেন্ট গ্লোরিয়া অ্যারোইয়োর একজন মুখপাত্র সকলকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। আইন বিশেষজ্ঞদের সূত্রে জানা গেছে, ফিলিপাইনে যাবজ্জীবন কারদাণ্ডের অর্থ সর্বোচ্চ ৪০ বছর কারাদণ্ড। তবে দুর্নীতিবিরোধী আদালত এস্ত্রাদার যাবজ্জীবনের মেয়াদ কত দীর্ঘ হবে তা সুনির্দিষ্ট করে উল্লেখ করেনি। যদিও আদালত বলেছে, এস্ত্রাদার দণ্ডাদেশ থেকে যে ছয় বছর তিনি গৃহবন্দি থেকেছেন সে ছয় বছর কাটা যাবে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এজে/এএমটি/১২০০ ঘ.