আঙ্কারা, সেপ্টেম্বর ১১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- তুরস্কের রাজধানী আঙ্কারায় মঙ্গলবার সন্ত্রাসীদের বোমা হামলা ব্যর্থ করে দিয়েছে পুলিশ। তারা প্রায় ৩০০ কিলোগ্রাম বিস্ফোরকসহ পার্ক করা একটি গাড়ি উদ্ধার করেছে।
আঙ্কারার গর্ভনর কেমাল ওনাল জানান, শহরের কেন্দ্রীয় অংশে একটি বহুতল গাড়ি রাখার জায়গায় পুলিশ বিস্ফোরকসহ একটি গাড়ি দেখতে পায়। এর পরপরই ওই এলাকার সমস্ত কর্মস্থল ও দোকান খালি করে দেওয়া হয়। পুলিশ পুরো এলাকা ঘিরে ফেলে।
তিনি বলেন, "একটি বড় ধরনের বিপর্যয় থেকে পুলিশ আমাদের রক্ষা করেছে। আমি ভাবতে চাই না, ওই বিশাল বোমা বিস্ফোরিত হলে কি ঘটে যেতো।"
তিনি আরো বলেন, "এই মহুর্তে বলা যাচ্ছে না এই ঘটনা কারা ঘটাতে চেয়েছিল।"
দেশটির বেসরকারি টেলিভিশন এনটিভি জানায়, দ্বিতীয় তলায় গাড়িটি রাখা ছিল। এতে প্রায় তিনশ কিলোগ্রাম বিস্ফোরক ছিল।
রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানায়, বোমা বিশেষজ্ঞরা তিন ঘন্টা সময় নিয়েছেন বোমাটি নিস্ক্রিয় করতে।
এলাকাবাসী আব্বাস উকসেল বলেন, "পুলিশ আমাদের বাড়িঘর ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দেয়। ভীত-সন্ত্রস্ত মানুষ দৌড়াদৌড়ি শুরু করে। এখন আমরা ঘরে ফেরার জন্য পাশের এই বাজারটিতে অপেক্ষা করছি।"
কুর্দি বিচ্ছিন্নতাবী, উগ্র-বামপন্থী ও ইসলামী জঙ্গিরা বিগত বছরগুলোতে বিভিন্ন সময় তুরস্কে সন্ত্রাসী হামলা চালিয়েছে।
২০০৩ সালের নভেম্বরে ইস্তাম্বুলে দুটি সিনাগগ, মার্কিন কনস্যুলেট ও এইচএসবিসি ব্যাংকে এ ধরনের হামলায় কমপক্ষে ৬০ জন নিহত হয়।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এফএইচবি/২১২৫ঘ.
bdnews24