ওয়াশিংটন, সেপ্টেম্বর ১১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- টেলিফোনে আড়িপাতার সুবিধা থাকায় জার্মানি ও ডেনমার্কে সম্ভাব্য বোমা হামলাকারীদের গ্রেপ্তার করতে পেরেছেন মার্কিন গোয়েন্দারা। মার্কিন ঊর্ধ্বতন গোয়েন্দা কর্মকর্তারা সোমবার এ দাবি জানান। এদিকে, সোমবার সন্ধ্যায় জার্মানিতে মার্কিন এক বিমানঘাঁটিতে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে বলে মার্কিন বাহিনী ও জার্মান পুলিশ জানিয়েছে।
মার্কিন গোয়েন্দা পরিচালক মাইকেল ম্যাককোনেল বলেন, "জার্মানিতে মার্কিন স্থাপনায় বোমা হামলার ষড়যন্ত্রকারীদের খুঁজে বের করতে ও ধরতে টেলিফোন কল পর্যবেক্ষণ প্রকল্প গুরুত্বপূর্ণ অবদান রেখেছে।"
তিনি জানান, এ কারণেই মার্কিন কংগ্রেসের উচিত হবে না টেলিফোন সংলাপ পর্যবেক্ষণ আইন বাতিল করা।
হোমল্যান্ড সিকিউরিটি কমিটির শুনানিতে ম্যাককোনেল বলেন, এই সুবিধা আছে বলেই আমরা আল-কায়েদার নিজেদের মধ্যে সব ধরনের যোগাযোগের খবর রাখতে পারছি।
তিনি জানান, রেকর্ড করা টেলিফোন সংলাপ থেকে ডেনমার্কে গ্রেফতার হওয়া সন্দেহভাজনদের সঙ্গে আল-কায়েদার সহযোগী সংগঠন ইসলামিক জিহাদ ইউনিয়নের যোগাযোগের বিষয়টি জানা যায়।
অন্যদিকে, দেশটির ন্যাশনাল কাউন্টরটেররিজম সেন্টারের পরিচালক জন রেড পরে সাংবাদিকদের জানান, টেলিফোন সংলাপ রেকর্ডের মাধ্যমে ডেনমার্কে আল-কায়েদার আট সদস্যকে গ্রেফতার করা হয়েছে। তারা বোমাহামলার পরিকল্পনা করছিল বলে সন্দেহ করা হয়।
বিদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের সকল টেলিফোন সংলাপে আড়িপাতা এই আইনটি নিয়ে যুক্তরাষ্ট্রে অনেক বিতর্ক হয়েছে। সমালোচনাকারীদের দাবি এফ ফলে নাগরিকদের অধিকার লঙ্ঘিত হবে।
গত আগস্ট মাসে মার্কিন কংগ্রেস ফরেইন ইন্টেলিজেন্স সার্ভিলেন্স অ্যাক্ট নামে এই আইনটি ছয় মাসের জন্য প্রাথমিক ভাবে পাশ করে। অনেকেই দাবি তুলেছেন যত দ্রুত সম্ভব আইনটি পুনঃপর্যলোচনা করা উচিত।
তবে গোয়েন্দা পরিচালক ম্যককোনেল বলেন, "টেলিফোনে আড়িপাতার সুযোগটি খুবই জরুরি। এই সুবিধ না থাকলে আমরা জানতে পারবো না সন্ত্রসীরা আমাদের চারপাশে কি করছে।"
তিনি দাবি করেন, এর ফলে আমেরিকানদের ওপর নজরদারি বা গোয়েন্দাগিরি করা হয় না।
জার্মান পুলিশ ও আমেরিকান সেনাবাহিনী জানায়, সোমবার সন্ধ্যায় এক ব্যক্তি ফোন করে স্পানডেলহ্যামে অবস্থিত মার্কিন বিমানঘাঁটিতে বোমা হামলার হুমকি দেয়।
তবে পুলিশ জানিয়েছে, এই হুমকির বিশ্বাসযোগ্যতা নিয়ে যথেষ্ট সংশয় আছে তারপরও তারা বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়েছে। ঘাঁটির আশপাশের নিরাপত্তা বাড়ানো হয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এফএইচবি/১৯১২ঘ.
bdnews24