জিক্কিম, ইসরায়েল, সেপ্টেম্বর ১১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - গাজার ফিলিস্তিনি জঙ্গিদের এক রকেট হামলায় মঙ্গলবার কমপক্ষে ৩০ ইসরায়েলি সেনা আহত হয়েছে। রকেটটি ইসরায়েলের গাজা সীমান্তবর্তী জিক্কিম সেনা প্রশিক্ষণ ঘাঁটিতে আঘাত হানলে তা বিস্ফোরিত হয়ে ওই ঘটনা ঘটে। ইহুদি নববর্ষ রোশ হাসানাহ'র ঠিক দুইদিন আগে এ রকেট হামলা চালানো হলো।
ফিলিস্তিনের পপুলার রেসিসটেন্স কমিটি এবং ইসলামিক জিহাদ গ্র"প যৌথভাবে এ হামলার দায় স্বীকার করেছে।
ইসলায়েলের এক সেনা মুখপাত্র মঙ্গলবার বলেছেন, ওই রকেট হামলায় কমপক্ষে ৩০ সেনা আহত হয়েছে। এদের মধ্যে চারজনের জখম বেশ গুরুতর।
দক্ষিণ ইসরায়েয়েলের হাসপাতাল কর্মকর্তারা জানিয়েছেন সেখানে প্রায় ৫০ জন সেনাকে চিকিৎসার জন্য নিয়ে আসা হলেও এদের মধ্যে কয়েকজনের কোনো জখম ছিল না, তারা প্রচণ্ডরকম আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছিল মাত্র।
এদিকে, হামাসের মুখপাত্র ফওজি বারহাম বলেছেন ওই হামালাকে 'আশীর্বাদ' করেছে তারা। তার মতে ওই হামলা ফিলিস্তিনের জন্য গর্ব বয়ে এনেছে।
এ রকেট হামলার পরপরই গাজার ওই অঞ্চলে পাল্টা হামলা চালিয়েছে ইসরায়েলি সেনারা। তবে ওই হামলায় হতাহতের কোনো খবর এখনও পর্যন্ত পাওয়া যায়নি। ইসরায়েলের এক সামরিক মুখপাত্র একথা জানিয়েছেন।
তিনি জানান, বেইত লাহিয়া অঞ্চলের দায়িত্বে থাকা সেনারা গাজার যে সীমান্ত এলাকা থেকে রকেট হামলা চালিয়েছিল সেখানে পাল্টা আঘাত হেনেছে।
এ হামলার পরিপ্রেক্ষিতে ইসরায়েল কি ধরনের ব্যবস্থা নেবে তা ঠিক করতে মঙ্গলবারই বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী এহুধ ওলমার্ট ও মন্ত্রিপরিষদের সদস্যরা।
ফাতাহকে হটিয়ে গাজায় হামাসের পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার পর থেকেই সেখানে ইসরায়েলের হামলা চালানোর আশঙ্কা করা হচ্ছিল। তবে এই রকেট হামলার পর তা অবশ্যম্ভাবী হয়ে উঠলো।
বিডিনিউজ টুযেন্টিফোর ডটকম/এএমটি/১৭৩৫ ঘ.
bdnews24