ওয়াশিংটন, সেপ্টেম্বর ১১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - ২০০১ সালের এই দিনেই যুক্তরাষ্ট্রে হামলা চালিয়েছিল আল কায়েদা। দ্বিতীয় বিশ্বযুদ্ধে পার্ল হারবারের আঘাতের পর সেদিনই প্রথম নিজের মাটিতে আক্রান্ত হয়েছিল যুক্তরাষ্ট্র। ১৯ জন বিমান ছিনতাইকারীসহ সবমিলিয়ে ২,৯৯৩ জন নিহত হয়েছিল ওই হামলায়। ভয়াল সেই দিনের স্মৃতি স্মরণ করতে সব ধরনের আয়োজনই করা হয়েছে নিউইয়র্কে। যুক্তরাষ্ট্রব্যাপীও থাকছে নানা আয়োজন। কিন্তু নিহতদের স্মরণ আর ওই বর্বর হামলার নিন্দায় সবাই শোকগ্রস্থ হলেও আজও হামলাকারীদের বিচার আর এ রকম হামলার ঝুঁকি থেকে পরিত্রাণের উপায় সম্পর্কে মার্কিন সমাজকে সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেনি বুশ প্রশাসন। শুধু মার্কিন সমাজে নয়, টুইন টাওয়ারে হামলার পর সন্ত্রাসবাদ মোকাবেলা আর সন্ত্রাসবিরোধী যুদ্ধের নামে পাল্টে গেছে গোটা বিশ্ব রাজনীতিই।
এ হামলার বদলা নিতে যে তথাকথিত সন্ত্রাসবিরোধী যুদ্ধ শুরু করেছে যুক্তরাষ্ট্র, তা এখন খোদ মার্কিন সমাজকেও দ্বিধাবিভক্ত করতে শুরু করেছে। আল কায়েদা নির্মূল আর সন্ত্রাসবাদ মোকাবেলায় আফগানিস্তান আর ইরাকে মার্কিন আগ্রাসন ও দখলদারিত্বের পরও ওই প্রশ্নের কোনো সুরাহা হয়নি। কিন্তু এসবের মধ্য দিয়ে সন্ত্রাসবাদবিরোধী যুদ্ধ আর সন্ত্রাসবাদবিরোধী রাজনীতির একটি প্রতীকে পরিণত হয়েছে টুইন টাওয়ার।
২০০১ সালের ১১ সেপ্টেম্বরে ছিনতাই করা দুটি বেসামরিক বিমান আঘাত হানে নিউইয়র্কের বিশ্ব বাণিজ্য কেন্দ্রের টুইন টাওয়ারে। মারা যায় কয়েক হাজার লোক। আরও দুটি বিমান হামলা চালায় ওয়াশিংটনে । একটি যুক্তরাষ্ট্রের সামরিক দপ্তর পেন্টাগনে আর অপরটি আছড়ে পড়ে একটি খোলা মাঠে।
ইস্টার্ন ডে-লাইট টাইম (ইডিটি) ০৮২৫ ঘণ্টায় প্রথমে ছিনতাই হয় আমেরিকান এয়ারলান্সের ফ্লাইট ১১ বিমানটি। ১৮ মিনিট পর উড়ন্ত বোমা হয়ে সেটি আছড়ে পড়ে বিশ্ব বাণিজ্য কেন্দ্রের উত্তর টাওয়ারে।
প্রথম বিমানটি ছিনতাই হওয়ার কয়েক মিনিটের মধ্যে ছিনতাই হয় ইউনাইটেড এয়ারলাইন্সের ফ্লাইট ১৭৫ বিমানটি। ইডিটি সময় ০৯০৩ ঘণ্টায় এটি আঘাত হানে বিশ্ব বাণিজ্য কেন্দ্রের দক্ষিণ টাওয়ারে।
দ্বিতীয় বিমানটি যখন দক্ষিণ টাওয়ারে আঘাত হানে তখন সে দৃশ্য জ্বলন্ত উত্তর টাওয়ার থেকে ধারণ করা হয় বিভিন্ন সংবাদমাধ্যমের ক্যামেরায়।
ইডিটি ০৯৪০ ঘণ্টায় ছিনতাই হয় আমেরিকান এয়ারলাইন্সের আরেকটি (ফ্লাইট ৭৭) বিমান। এটির আঘাতে আংশিক ক্ষতি হয় পেন্টাগনের। চতুর্থ বিমানটি পেন্টাগনের কাছের একটি মাঠে গিয়ে আছড়ে পড়ে।
বিশ্ব বাণিজ্য কেন্দ্রের ১১০ তলা উচুঁ দক্ষিণ টাওয়ারে দ্বিতীয় বিমানটি আঘাত হানার প্রায় এক ঘণ্টা পর টাওয়ারটি ধসে পড়ে। আর তার কয়েক মিনিটের মধ্যে ধসে পড়ে উত্তর টাওয়ারটিও।
প্রত্যক্ষদর্শীরা জানান, বাঁচার আশায় ধসে পড়ার আগে টুইন টাওয়ার থেকে লাফিয়ে পড়েন অনেকেই।
যুক্তরাষ্ট্রে আল কায়েদার হামলার ছয় বছর পার হচ্ছে। এরমাঝে আল কায়েদা নেতা ওসামা বিন লাদেনকে ধরা এবং তালেবান সরকারকে উচ্ছেদের জন্য যুক্তরাষ্ট্র সামরিক অভিযান চালিয়েছে আফগানিস্তানে। সন্ত্রাসবিরোধী যুদ্ধের নামে তারা সহসাই আফগানিস্তান থেকে তালেবান সরকারকে উৎখাত করতে সক্ষম হলেও আজও ধরতে বা মারতে পারেনি আল কায়েদা নেতা ওসামা বিন লাদেন ও তালেবান নেতা মোল্লা ওমরকে। তাছাড়া সহিংসতা কমেনি আফগানিস্তানে। গত কয়েক মাসে সেখানে হয়েছে রেকর্ড সংখ্যাক আত্মঘাতী হামলা।
আফগানিস্তানের পর সন্ত্রাসবাদবিরোধী যুদ্ধের অংশ হিসাবেই সাদ্দাম হোসেনের কাছ থেকে ইরাককে মুক্ত করার জন্য সেখানে আগ্রাসন চালায় যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন যৌথবাহিনী। সহসাই তারা সাদ্দাম সরকারকে উৎখাতে সক্ষমও হয়। কিন্তু ইরাক যুদ্ধ শুরুর চার বছর বাদেও সেখানে ফিরে আসেনি স্থিতিশীলতা, বরং সহিংসতা বেড়েছে। সে সহিংসতায় ওসামা বিন লাদেনের আল কায়েদা নেটওয়ার্কও জড়িত।
আল কায়েদার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকলেও তাদের হুমকি থেকে আজও মুক্ত হতে পারে নি যুক্তরাষ্ট্র। মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো এবং অন্যান্য বিশ্লেষকরা বলছেন, নিরাপত্তা ব্যবস্থার উন্নতি এবং আল কায়েদার বিরুদ্ধে আন্তর্জাতিক পদক্ষেপ গ্রহণের ফলে যুক্তরাষ্ট্র আরেকটি বড় ধরণের হামলা থেকে রেহাই পেয়েছে।
যদিও তারা বলছেন, পশ্চিমকে হামলা করার জন্য পুনরায় সংগঠিত হচ্ছে আল কায়েদা নেটওয়ার্ক। আর হামলা চালানোর মতো যথেষ্ট ক্ষমতাও তারা অর্জন করতে পেরেছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এজে/এএমটি/এসি/১৩৪৭ ঘ.
bdnews24