ইসলামাবাদ, সেপ্টেম্বর ১০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) -- দেশের মাটিতে নেমেছেন পাকিস্তানের নির্বাসিত সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ। গ্রেপ্তার হওয়ার ঝুঁকি সত্ত্বেও পূর্ব ঘোষণামতই রোববার লন্ডন থেকে রওনা হয়ে সোমবার সকালে ইসলামাবাদ বিমানবন্দরে পৌঁছান তিনি। কিন্তু নওয়াজ তার সমর্থকদের ছাড়া বিমান থেকে নামতে অস্বীকৃতি জানানোয় সেখানে অচলবস্থার সৃষ্টি হয়। দীর্ঘ ৯০ মিনিট পর নওয়াজ তার সমর্থকদের নিয়ে বিমান থেকে নেমে আসেন ও একটি বাসে চড়ে বিমানবন্দরের একটি টার্মিনাল ভবনে যান । তিনি একটি লাউঞ্জে ঢুকেছেন বলে সর্বশেষ খবরে জানা গেছে।
এদিকে, নওয়াজের প্রত্যাবর্তনকে সামনে রেখে ইসলামাবাদ বিমানবন্দরের আশে পাশে বেশ কিছু ব্যারিকেড দিয়ে কঠোরভাবে যান ও মানুষ চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে।
নওয়াজ যখন বিমানবন্দরে পৌঁছান তখন প্রায় তিন কিলোমিটার দূরে অবস্থানরত তার বেশ কয়েকশ সমর্থক ও আইনজীবীকে টিয়ার গ্যাস নিক্ষেপ ও লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেয় পুলিশ।
অন্যদিকে, দলীয় পতাকা ও নওয়াজের ছবি নিয়ে বিক্ষোভরত সমর্থকরা পুলিশের ওপর ইট-পাটকেল নিক্ষেপ করে। তখন তারা "মুশাররফ নিপাত যাক" বলে শ্লোগান দিচ্ছিল। রাজধানী ইসলামাবাদেও নওয়াজের শ'শ' সমর্থকের সঙ্গে পুলিশের সংঘর্ষ হওয়ার খবর পাওয়া গেছে।
দীর্ঘ সাত বছর নির্বাসিত জীবন কাটানোর পর দেশের টালমাটাল পরিস্থিতিতে নওয়াজের এ প্রত্যাবর্তনকে প্রেসিডেন্ট পারভেজ মুশাররফের জন্য এক বিরাট চ্যালেঞ্জ হিসেবেই দেখছেন বিশ্লেষকরা।
এর আগে নওয়াজকে বহনকারী বিমানটি অবতরণের পর বিমানে বসেই রয়টার্সের একজন প্রতিনিধিকে তিনি বলেন, "আমার খুবই ভাল লাগছে। যে কোনো পরিস্থিতি মোকাবিলা করতে প্রস্তুত আমি।"
অবতরণের পর একজন অভিবাসন কর্মকর্তা বিমানে উঠে এসে নওয়াজের পাসপোর্ট দেখতে চান। এরপর তিনি নওয়াজকে তার সঙ্গে যেতে বলেন। কিন্তু ৫৭ বছর বয়সী নওয়াজ এবং তার সঙ্গী ব্রিটিশ আইনজীবী ও সমর্থকরা ওই কর্মকর্তার সঙ্গে যেতে অস্বীকৃতি জানান।
মুশাররফ সরকার 'চুক্তি ভঙ্গ করে' দেশে ফিরলেই গ্রেপ্তার করার হুমকি দিয়েছিল নওয়াজকে। তার বিরুদ্ধে অপহরণ ও দুর্নীতির কয়েকটি মামলা হয়েছে যাতে তার যাবজ্জীবন কারাদন্ড হয়। দেশে ফেরার পর পুরনো মামলায় তাকে গ্রেপ্তার করা কিংবা আবারও বিদেশে ফেরত পাঠানো হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এদিকে নওয়াজ শরীফের দল পাকিস্তান মুসলিম লীগ- নওয়াজ (পিএমএল-এন) এর নেতারা জানিয়েছেন, নওয়াজের আগমনের প্রাক্কালে কর্তৃপক্ষ তার প্রায় চার হাজার সমর্থককে গ্রেপ্তার করেছে। এছাড়া পিএমএল-এন এর চেয়ারম্যান এবং একটি ইসলামি মিত্র জোটের তিন নেতাকেও গ্রেপ্তার করা হয়েছে।
১৯৯৯ সালে এক রক্তপাতহীন অভ্যুত্থানের মাধ্যমে নওয়াজ শরীফের কাছ থেকে ক্ষমতা দখল করেন জেনারেল পারভেজ মুশাররফ। পরের বছরই নওয়াজকে সৌদি আরবে নির্বাসনে পাঠানো হয়। আর পাকিস্তানের স্থিতিশীলতা রক্ষার স্বার্থে দেশে না ফিরতে সৌদি আরবের এক অনুরোধ সত্ত্বেও সোমবার দেশে ফিরলেন নওয়াজ।
নওয়াজের এ প্রত্যাবর্তন গত মার্চ মাসে প্রধান বিচারপতিকে বরখাস্ত করার প্রচেষ্টার পর থেকে জনপ্রিয়তা হারাতে থাকা প্রেসিডেন্ট মুশাররফের জন্য একটি বিরাট চ্যালেঞ্জ হিসাবে দেখা দিয়েছে।
একটি চুক্তির আওতায় ২০০০ সালে নওয়াজকে নির্বাসনে পাঠান হয়। ওই চুক্তিতে দুর্নীতি ও অপহরণের দায়ে হওয়া যাবজ্জীবন কারাদণ্ড এড়াতে নওয়াজ ১০ বছরের জন্য নির্বাসনে যেতে রাজি হয় বলে দাবি করে আসছে মুশাররফ সরকার। যদিও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী এখন নির্বাসনের সময়সীমা পাঁচ বছর ছিল বলে দাবি করছেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এজে/এএমটি/এসকে/১২৪৫ ঘ.
bdnews24