কাবুল, সেপ্টেম্বর ৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - আফগানিস্তানে সহিংসতা অবসানের লক্ষ্যে সরকারের সঙ্গে আলোচনায় বসার জন্য তালেবান জঙ্গিদের নতুন করে আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট হামিদ কারজাই। রাজধানী কাবুলে গুলি বর্ষণের শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে প্রেসিডেন্টের এক অনুষ্ঠান পণ্ড হওয়ার পরপরই রোববার এ আহ্বান জানান তিনি। তালেবান বিরোধী মুজাহিদীন নেতা আহমদ শাহ মাসুদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষ্যে ওই স্মরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।
আহমদ শাহ মাসুদের স্মরণানুষ্ঠান থেকে অক্ষত অবস্থায় বেরিয়ে যাওয়ার পরপরই লাটভিয়ার প্রেসিডেন্ট ভালদিস জাটলার্সের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে কারজাই তালেবানদের প্রতি ওই আহ্বান জানান। ২০০১ সালের ১১ই সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের টুইন টাওয়ারে হামলার ঠিক দুদিন আগে এক আত্মঘাতী বোমা হামলায় তালেবান বিরোধী মুজাহিদীন নেতা আহমদ শাহ মাসুদ নিহত হন।
কাবুল স্টেডিয়ামে প্রেসিডেন্টের ভাষণ চলাকালে কে বা কারা ওই গুলি বর্ষণ করে কিংবা কারজাইকে হত্যা করাই তার লক্ষ্য ছিল কি না তা নিশ্চিত হওয়া যায়নি। তবে এর আগে সন্দেহভাজন তালেবানদের বেশ কয়েকটি হত্যা প্রচেষ্টা থেকে অল্পের জন্য বেঁচে গিয়েছেন কারজাই।
তালেবানদের প্রসঙ্গে কারজাই বলেন," তালেবানদের সঙ্গে আমাদের এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক আলোচনা হয়নি। তাদের কোন পরিচয় বা নাম ঠিকানা নাই। আমরা কার সঙ্গে আলোচনা করব?"
তিনি বলেন,"আমি চাই কেউ একটা টেলিফোন নম্বর নিয়ে একটা ঠিকানা নিয়ে একদিন এগিয়ে আসবে। এমন একটা নেতৃত্বের কাঠামোসহ কেউ আসবে যাদের সঙ্গে আমরা আলোচনা করতে পারি।"
কারজাই আরও বলেন,"আমার যদি কোনো স্থান জানা থাকতো যেখানে কাউকে পাঠালে তাদের সঙ্গে কথা বলা যাবে তাহলে আমি তা করতাম। যদি কোনো কর্তৃপক্ষ থাকে যারা প্রকাশ্যে বলবে যে আমরাই তালেবান কর্তৃপক্ষ। আমি তাহলে অবশ্যই তাদের সঙ্গে যোগাযোগ করবো।"
কারজাই এর আগেও বহুবার তালেবানদের আলোচনায় বসার আহ্বান জানালেও তারা তা বরাবরই প্রত্যাখ্যান করে আসছে।
রোববার কাবুলের খেলার মাঠে প্রেসিডেন্ট কারজাইয়ের উপস্থিতিতে এক অনুষ্ঠান চলাকালে গুলির মতো শব্দ হয়। গুলি আতঙ্কে ভাষণ দেওয়া বন্ধ করে দ্রুত সেখান থেকে চলে যান কারজাই।
সরকারি টেলিভিশনের ফুটেজে দেখা গেছে, যুক্তরাষ্ট্রের প্রশিক্ষণপ্রাপ্ত দেহরক্ষীরা কারজাইকে স্টেডিয়াম থেকে নিয়ে যাচ্ছেন। প্রসঙ্গত, সা
bdnews24