সিডনি, সেপ্টেম্বর ৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - তাইওয়ানের জাতিসংঘ সদস্যপদ নিয়ে চীনের সঙ্গে উত্তেজনাকর সম্পর্কের মাঝেও শনিবার সিডনিতে এপেক সম্মেলনের এক ফাঁকে চীনের প্রেসিডেন্ট হু জিনতাওয়ের সঙ্গে পাশাপাশি বসে আলাপ হয়েছে তাইওয়ানের প্রেসিডেণ্টের এক প্রতিনিধির।
এপেক সম্মেলনে তাইওয়ানের প্রতিনিধি দলের একজন কর্মকর্তা বলেন, স্বাধীনতাপন্থী প্রেসিডেন্ট চেন শুই বিয়ানের প্রতিনিধ স্ট্যান শিহ ও হুয়ের মধ্যকার আলোচনা ৫-১০মিনিট স্থায়ী হয়। তবে তাদের মধ্যে কী নিয়ে আলোচনা হয়েছে সে সম্পর্কে বিস্তারিত জানাননি তিনি।
বেইজিং তাইওয়ানকে চীনের অংশ হিসাবে মনে করে থাকে। একইসঙ্গে বেইজিং বলে আসছে, স্বশাসিত ও গণতান্ত্রিক দ্বীপটিকে আনুষ্ঠানিক স্বাধীনতা ঘোষণা করা থেকে বিরত রাখতে প্রয়োজনে তারা শক্তি প্রয়োগ করবে।
আগামী মার্চ মাসে প্রেসিডেন্ট নির্বাচনের পাশাপাশি তাইওয়ান জাতিসংঘে যোগদান করবে কিনা সে ব্যাপারে একটি গণভোট অনুষ্ঠানের পরিকল্পনা নিয়েছে চেনের ডেমোক্রেটিক প্রগ্রেসিভ পার্টি। চীন এ পরিকল্পনাকে তাইওয়ানের স্বাধীনতার দিকে একটি পদক্ষেপ হিসাবে বিবেচনা করছে।
এছাড়া, গত সপ্তায় মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের সঙ্গে সাক্ষাতের সময় চীনের প্রেসিডেন্ট তাকে বলেন, মার্চের গণভোটের ব্যাপারে তাইওয়ানের প্রতি "আরও জোরাল সতর্কতা" জারি করা প্রয়োজন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এজে/এলকিউ/১৭৩২ঘ.
bdnews24