২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লাদেনের নতুন ভিডিও পেয়েছে মার্কিন সরকার

আল-কায়েদা নেতা ওসামা বিন লাদেনের নতুন একটি ভিডিও চিত্র পেয়েছে আমেরিকা। মার্কিন প্রশাসন সেটা পর্যালোচনা করে দেখছে। শুক্রবার একটি ইসলামিক ওয়েবসাইট জানায়, ২০০১ সালের ১১ সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রের টুইন টাওয়ারে হামলার ৬ বছর পূর্তি পালন উপলক্ষ্যে খুব শিগগির লাদেনের একটি নতুন ভিডিও ছাড়বে আল-কায়েদা। নাম প্রকাশ না করে মার্কিন প্রশাসনের এক কর্মকর্তা শুক্রবার বলেন, "সরকার লাদেনের ভিডিও'র একটি কপি পেয়েছে, এটা নিশ্চিত। আমরা সেটা পর্যালোচনা করে দেখছি।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Sep 2007, 04:27 PM

Updated : 26 Aug 2022, 08:35 PM

ওয়াশিংটন, সেপ্টেম্বর ০৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আল-কায়েদা নেতা ওসামা বিন লাদেনের নতুন একটি ভিডিও চিত্র পেয়েছে আমেরিকা। মার্কিন প্রশাসন সেটা পর্যালোচনা করে দেখছে। শুক্রবার একটি ইসলামিক ওয়েবসাইট জানায়, ২০০১ সালের ১১ সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রের টুইন টাওয়ারে হামলার ৬ বছর পূর্তি পালন উপলক্ষ্যে খুব শিগগির লাদেনের একটি নতুন ভিডিও ছাড়বে আল-কায়েদা। নাম প্রকাশ না করে মার্কিন প্রশাসনের এক কর্মকর্তা শুক্রবার বলেন, "সরকার লাদেনের ভিডিও'র একটি কপি পেয়েছে, এটা নিশ্চিত। আমরা সেটা পর্যালোচনা করে দেখছি।" তিনি আরও বলেন, "এটা নতুন না পুরনো আমরা তা জানার চেষ্টা করছি। খুব তাড়াতাড়ি এ বিষয়ে নিশ্চিত হওয়া যাবে।" আল-কায়েদা লাদেনের নতুন ভিডিও প্রকাশ করতে যাচ্ছে জানিয়ে ওয়েবসাইটটিতে লাদেনের একটি স্থির চিত্রও প্রকাশ করা হয়। এ ছবিতে আগের অন্যান্য ছবির তুলনায় লাদেনকে অনেক বেশি বুড়ো দেখাচ্ছে। আল-কায়েদা মেডিয়া 'আর্ম আল-সাহাব' এর তৈরি এই ভিডিও কখন প্রচার করা হবে ইসলামিক ওয়েবসাইট তা নির্দিষ্ট করে জানায়নি। ২০০৪ সালের নভেম্বরে যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনের সময় একটি ভিডিওতে লাদেনকে সর্বশেষ বিবৃতি দিতে দেখা যায়। তারপর থেকে লাদেনের বেশ কয়েকটি অডিও বার্তা প্রচারিত হয়েছে। ২০০৬ সালে সর্বশেষ লাদেনের অডিও বার্তা প্রচারিত হয়। ওই বার্তায় তিনি বিশ্বের যেকোনো স্থানে যুক্তরাষ্ট্রের স্বার্থগুলোর বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার জন্য আল-কায়েদাকে আহ্বান জানান। প্রেসিডেন্ট বুশের সঙ্গে সিডনিতে এপেক সম্মেলনে অংশ নেওয়া হোয়াইট হাউসের মুখপাত্র গর্ডন জনদ্রয়ে এতদিন পর আবার লাদেনের ভিডিও প্রকাশের খবরে প্রতিক্রিয়া জানিয়ে বলেছেন, "৯/১১'র ছয়বছর পেরিয়েছে। এখনও ইরাক, আফগানিস্তানে আল-কায়েদার বিরুদ্ধে আমাদের লড়াই এবং জার্মানি ও ডেনমার্কে মুসলিম জঙ্গি গ্রেফতারের ঘটনা আমাদেরকে একথাই মনে করিয়ে দিচ্ছে যে, আমরা সবসময়ই সন্ত্রাসী ও উগ্রবাদীদের হামলার হুমকির মুখে রয়েছি। আর এথেকেই বোঝা যায় কেন আমাদেরকে বিশ্বব্যাপী সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়ে যেতে হবে।" বিন লাদেন এবং তার উপনেতা আয়মান আল-জাওয়াহিরি আফগানিস্তান এবং পাকিস্তানের সীমান্ত এলাকায় আত্মেগোপন করে আছেন বলে ধারণা করা হয়। মার্কিন নেতৃত্বাধীন বাহিনী আফগানিস্তানে তালেবান শাসনের পতন ঘটানোর পর থেকেই ১১ সেপ্টেম্বরে টুইনটাওয়ারে হামলার হোতা লাদেনের তালাশ করে আসছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলকিউ/এফএইচবি