২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরানে শক্তি প্রয়োগ প্রশ্নে বিভক্ত ইউরোপ-আমেরিকা

কূটনৈতিক উপায়ে ইরানের পরমাণু সমস্যার সমাধান ব্যর্থ হলে সেখানে শক্তি প্রয়োগের প্রশ্নে স্পষ্ট দুই ধারায় বিভক্ত আমেরিকা ও ইউরোপের জনগণ। ৪৭ শতাংশ আমেরিকান ইরানে সামরিক পদক্ষেপের পক্ষে থাকলেও, ঠিক সমসংখ্যক ইউরোপীয়ান এর বিপক্ষে। যুক্তরাষ্ট্র ও ইউরোপের ১২টি দেশে পরিচালিত এক জনমত জরিপ থেকে এ তথ্য পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Sep 2007, 01:19 PM

Updated : 26 Aug 2022, 08:35 PM

ব্রাসেলস, সেপ্টেম্বর ০৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- কূটনৈতিক উপায়ে ইরানের পরমাণু সমস্যার সমাধান ব্যর্থ হলে সেখানে শক্তি প্রয়োগের প্রশ্নে স্পষ্ট দুই ধারায় বিভক্ত আমেরিকা ও ইউরোপের জনগণ। ৪৭ শতাংশ আমেরিকান ইরানে সামরিক পদক্ষেপের পক্ষে থাকলেও, ঠিক সমসংখ্যক ইউরোপীয়ান এর বিপক্ষে। যুক্তরাষ্ট্র ও ইউরোপের ১২টি দেশে পরিচালিত এক জনমত জরিপ থেকে এ তথ্য পাওয়া গেছে। যুক্তরাষ্ট্রের জার্মান মার্শাল ফান্ড ও ইউরোপের চারটি ফাউন্ডেশন গত জুনে এই জরিপ চালায়। বৃহস্পতিবার আমেরিকা ও ইউরোপরে সম্পর্ক নিয়ে বার্ষিক এই জরিপ প্রতিবেনদ প্রকাশ করা হয়। প্রতিবেদনে বলা হয় ইরানের বিষয়ে সঠিক সিদ্ধান্তের ওপরই নির্ভর করছে আটলান্টিক পারের এই দুই মহাদেশের ভবিষ্যত সম্পর্ক। তবে হোয়াইট হাউসে নতুন প্রেসিডেন্ট আসলে এই সম্পর্কের ক্ষেত্রে ইতিবাচক উন্নতি হতে পারে বলে প্রতিবেদনে মন্তব্য করা হয়। কেননা জরিপের ফলাফল অনুযায়ী ৭৭ শতাংশ ইউরোপীয়ান মনে করেণ প্রেসিডেন্ট বুশের পররাষ্ট্র নীতি ভুল। তবে প্রায় এক তৃতীয়াংশ ইউরোপীন ও ৪২ শতাংশ আমেরিকান আশা করছেন আগামী বছর বুশের জায়গায় নতুন প্রেসিডেন্ট আসলে দুই মহাদেশের মধ্যে সহযোগিতা আরো বাড়বে। জরিপ থেকে জানা যায়, ইরান সমস্যার সমাধানে কূটনীতি ব্যর্থ হলে দেশটির বিরুদ্ধে সামরিক ব্যবস্থা নেওয়ার বিপক্ষে শতকরা ৪৭ ভাগ ইউরোপীয়। তবে ১৮ ভাগ ইউরোপীয়ান মনে করেন প্রয়োজন হলে শক্তি প্রয়োগ করা যেতে পারে। অন্যদিকে, কূটনৈতিক প্রচেষ্টা কাজে না আসলে ইরানে সামরিক অভিযানের পক্ষে মত দিয়েছেন ৪৭ শতাংশ আমেরিকান। বিপরীতে ৩২ শতাংশ আমেরিকান মনে করেন সেখানে বল প্রয়োগ করা ঠিক হবে না। তবে আটলান্টিকের দুই পারের মানুষ একমত হয়েছেন, সন্ত্রাসবাদ, জ্বালনি নির্ভরশীলতা, জলবায়ু পরিবর্তন ও ইরানের পরমাণু অস্ত্র তৈরির সম্ভাবনা তাদের প্রধান নিরাপত্তা সমস্যা। জরিপের তথ্য বিশ্লেষণ করলে বোঝা যায়, ইউরোপীয়ানরা সাধারণত শক্তি প্রয়োগে অনীহ। তবে তাদের বেশিরভাগ শান্তিরক্ষা মিশন ও আফগানিস্তানে পূর্ণাবসন কাজে সেনা মোতায়নের সমর্থন করেছেন। জরিপকারী সংস্থাগুলো বলছে, জার্মানির চ্যান্সেলর এ্যঞ্জেলা মার্কেল, ফ্রান্সের প্রেসিডেন্ট নিকোলাস সারকোজি ও ব্রিটেনের প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউন দায়িত্ব নেওয়ার পর মনে হচ্ছে আটলান্টিকের দুই পারের মধ্যে সম্পর্কের উন্নতি হতে পারে। তবে তাদের সতর্কতার সঙ্গে সিদ্ধান্ত নিতে হবে। ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র বিষয়ক মহা-ব্যবস্থাপক রবার্ট কুপার মনে করেন এই জরিপ থেকে দুই মহাদেশের সম্পর্কের বাস্তব প্রেক্ষাপট বেরিয়ে এসেছে। জরিপের ওপর এক আলোচনায় তিনি বলেন, "আটলান্টিকের দুই পারের সম্পর্ক মোটামুটি ভাল। তবে এটা আরো ভাল হতে পারে। আমাদের আরো কাছাকাছি আসার সুযোগ আছে।" অন্যদিকে, ইউরোপ বিষয়ক মার্কিন উপ-সহকারী পররাষ্ট্র মন্ত্রী কলিন গ্রেফি দুই মহাদেশের বিভিন্ন সমস্যার মধ্যে সন্ত্রাসবাদ, অভিবাসন, শ্মরণার্থী, জ্বালানী ও বৈশ্বিক উষ্ণতাকে প্রাধান্য দিয়েছেন। তিনি বলেন, "জরিপের ফলাফল থেকে আমার মনে হয়েছে, আমরা প্রকৃতই পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে কাজ করতে চাই। আমরা যে একটি অভিন্ন গণতান্ত্রিক সম্প্রদায় এই বিষয়টি এতে ধরা পড়েছে।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এফএইচবি/১৯০৫ঘ.