গাজা, সেপ্টেম্বর ৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - গাজায় উন্মুক্ত সভা সমাশের ওপর নিষেধাজ্ঞা অমান্য করে বিক্ষোভরত শ' শ' ফাতাহ সদস্যের সঙ্গে শুক্রবার তুমুল সংঘর্ষ হয়েছে হামাসের নিরাপত্তা বাহিনীর। চার ফাতাহ নেতাসহ প্রেসিডেন্ট আব্বাসের এক উপদেষ্টাকেও আটক করেছে হামাস।
প্রত্যক্ষদর্শীরা জানায়, নিষেধাজ্ঞা অমান্য করার লক্ষ্যে ফাতাহ সমর্থকরা জড়ো হয়ে সেখানে সমবেত প্রার্থনার আয়োজন করতে গেলে এ সংঘর্ষ বাধে। হামাস বাহিনীর সদস্যরা লোকজনকে ছত্রভঙ্গ করেেত তাদের লাঠিপেটা করে, ফাঁকা গুলি ছুঁড়ে এবং পটকা গ্রেনেড ফাটায়।
হাসপাতাল সূত্রগুলো জানিয়েছে, কমপক্ষে ১১ জন আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এদের মধ্যে কেউ কেউ গুলিতে জখম হয়েছেন।
গাজার বিভিন্ন এলাকায় নিজেদের বাহিনী মোতায়েন করে সতর্কাবস্থায় রয়েছে হামাস। হামাস এক্সেকিউটিভ ফোর্সের সদস্যরা জানিয়েছেন, কোনো নাশকতামূলক ঘটনা ঠেকাতেই এ ব্যবস্থা নিয়েছেন তারা।
হামাস বাহিনীর কর্মকর্তা ইউসূফ আল জাহার বলেন," আমাদের ধর্ম আমাদের ইবাদতের জন্য উৎসাহিত করে। কিন্তু ইবাদতকে অজুহাত হিসেবে ব্যবহার করে ঝামেলা পাকানো কিংবা নাশকতার চেষ্টা ও জনগণের সম্পত্তিহানি ঠেকানোর চেষ্টা করছি আমরা।"
তিনমাস আগে হামাসের সঙ্গে লড়াইয়ে গাজার ওপর নিজেদের নিয়ন্ত্রণ হারায় ফাতাহ। পশ্চিম তীরে ফাতাহ'র পূর্ণ নিয়ন্ত্রণ থাকলেও এবং সেখানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সহায়তায় সরকার পরিচালনার চেষ্টা করলেও গাজার নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা চালিয়ে আসছে ফাতাহ।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএমটি/১৭৫৮ ঘ.
bdnews24