দুবাই, সেপ্টেম্বর, ৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- আল-কায়েদা নেতা ওসামা বিন লাদেনের একটি নতুন ভিডিও খুব শিগগিরিই ওয়েবসাইটে আসছে। ২০০১ সালের ১১ সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রের টুইন টাওয়ারে হামলার ৬ বছর পূর্তি পালন উপলক্ষ্যে ছাড়া হচ্ছে এই ভিডিও। একটি ইসলামিক ওয়েবসাইট শুক্রবার একথা জানিয়েছে।
নমুনা হিসাবে ওই ভিডিও থেকে লাদেনের একটি স্থিরচিত্র ইতোমধ্যেই ওয়েবসাইটে দেওয়া হয়েছে। এ ছবিতে আগের অন্যান্য ছবির তুলনায় লাদেনকে বেশি বুড়ো দেখাচ্ছে। আল-কায়েদা মেডিয়া 'আর্ম আল-সাহাব' এর তৈরি এই ভিডিও কখন প্রচার করা হবে ইসলামিক ওয়েবসাইট তা নির্দিষ্ট করে জানায়নি।
২০০৪ সালের নভেম্বরে যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনের সময় একটি ভিডিওতে লাদেনকে সর্বশেষ বিবৃতি দিতে দেখা যায়। তারপর থেকে লাদেনের বেশ কয়েকটি অডিও বার্তা প্রচারিত হয়েছে। ২০০৬ সালে সর্বশেষ লাদেনের অডিও বার্তা প্রচারিত হয়। ওই বার্তায় তিনি বিশ্বের যেকোনো স্থানে যুক্তরাষ্ট্রের স্বার্থগুলোর বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার জন্য আল-কায়েদাকে আহ্বান জানান।
প্রেসিডেন্ট বুশের সঙ্গে সিডনিতে এপেক সম্মেলনে অংশ নেওয়া হোয়াইট হাউসের মুখপাত্র গর্ডন জনদ্রয়ে এতদিন পর আবার লাদেনের ভিডিও প্রকাশের খবরে প্রতিক্রিয়া জানিয়ে বলেছেন, "৯/১১'র ছয়বছর পেরিয়েছে। এখনও ইরাক, আফগানিস্তানে আল-কায়েদার বিরুদ্ধে আমাদের লড়াই এবং জার্মানি ও ডেনমার্কে মুসলিম জঙ্গি গ্রেফতারের ঘটনা আমাদেরকে একথাই মনে করিয়ে দিচ্ছে যে, আমরা সবসময়ই সন্ত্রাসী ও উগ্রবাদীদের হামলার হুমকির মুখে রয়েছি এবং এ কারণেই আমাদেরকে বিশ্বব্যাপী সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়ে যেতে হবে।"
বিন লাদেন এবং তার দলের ২য় শীর্ষ নেতা আয়মান আল-জাওয়াহিরি আফগানিস্তান এবং পাকিস্তানের সীমান্ত এলাকায় আত্মেগোপন করে আছেন বলে ধারণা করা হয়। মার্কিন নেতৃত্বাধীন বাহিনী আফগানিস্তানে তালেবান শাসনের পতন এবং লাদেনকে যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তরে তালেবানদের অস্বীকৃতির পর থেকে ১১ সেপ্টেম্বর হামলার এই হোতাকে খুঁজে বেড়াচ্ছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৪৫৬ঘ.
bdnews24