ইসলামাবাদ, সেপ্টেম্বর ০৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পাকিস্তানের প্রেসিডেন্ট জেনারেল পারভেজ মুশাররফের পদত্যাগ দাবিতে দেশজুড়ে আন্দোলন শুরু করেছেন আইনজীবীরা। বৃহস্পতিবার তারা আদালত বর্জন করে বিভিন্ন গুরুত্বপূর্ণ শহরে র্যালি বের করেন।
ইসলামাবাদে কয়েকশ' আইনজীবী কালোব্যাজ ধারণ করে আদলত থেকে বেরিয়ে আসেন। তারা আদালত ভবনের বাইরে জড়ো হয়ে শ্লোগান দেন- 'যাও মুশাররফ যাও'।
লাহোরে র্যালিতে যোগ দেন প্রায় দেড় হাজার আইনজীবী। এ সময় তারা প্রেসিডেন্ট ও সেনাপ্রধানের পদ থেকে জেনারেল মুশাররফের পদত্যাগ দাবি করে 'যাও মুশাররফ যাও' ও 'একনায়কের পতন হোক' ইত্যাদি শ্লোগান দেন।
এছাড়া পেশওয়ার ও কোয়েটাসহ অন্যান্য শহরেও আইনজীবীরা আদালত বর্জন করে মুশাররফের পদত্যাগ দাবিতে র্যালি বের করেন। এ সময় আদালত পাড়া প্রায় শুন্য হয়ে যায়।
সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশনের সভাপতি মুনির এ মালিক বলেন, "সামরিক জান্তার পতন ঘটিয়ে দেশে গণতন্ত্র পূনরুদ্ধারের জন্য আমাদের এই আন্দোলন। লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।"
গত মার্চে প্রধান বিচারপতি ইফতিখার মাহমুদ চৌধুরীকে বরখাস্ত করে প্রেসিডেন্ট মুশাররফ আইনজীবীদের রোষের শিকার হন। ইফতিখার চৌধুরীকে প্রধান বিচারপতি পদে বহালের দাবিতে আইনজীবীরা দেশ জুড়ে বিক্ষোভে ফেটে পড়েন। সাধারণ জনগণও তাদের আন্দোলন-বিক্ষোভে যোগ দেয়। কয়েকমাস আন্দোলনের মধ্য দিয়ে ইফতিখার চৌধুরী তার পদ ফিরে পান।
গত বুধবার ক্ষমতা ছাড়ার তারিখ জানানোর জন্য মুশাররফকে নির্দেশ দেয় দেশটির সুপ্রিম কোর্ট। প্রেসিডেন্ট মুশাররফের ক্ষমতার বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা এক আবেদনের শুনানিতে সুপ্রিম কোর্ট এই নির্দেশ দেয়।
প্রেসিডেন্ট মুশাররফের ক্ষমতার বৈধতা এবং একই সঙ্গে সেনাপ্রধান হিসেবে দায়িত্ব পালনের বিষয়টি নিয়ে বিতর্ক আছে।
সরকার বলছে, প্রেসিডেন্ট এবং সেনাপ্রধান হিসেবে তার দায়িত্ব শেষ হবে এ বছরের ৩১ ডিসেম্বর। তবে প্রেসিডেন্ট থাকতে হলে তাকে অবশ্যই এর ৯০ দিন আগে পুনরায় নির্বাচিত হতে হবে।
অন্যদিকে, তার বিরোধীরা দাবি করেন, ২০০০ সালে মুশাররফ প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা নেন। পরে গণভোটের মাধ্যমে তিনি তার ক্ষমতা গ্রহণ যায়েজ করেন। এর অর্থ এই প্রেসিডেন্টের পাঁচ বছরের মেয়াদ তিনি অনেক আগেই শেষ করে ফেলেছেন। এখন তাকে ক্ষমতা ছাড়তে হবে।
মুশাররফের শাসনের বৈধতা নিয়ে সুপ্রিম কোর্টে শুনানি শুরু হওয়ায় আরেক মেয়াদে তার প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার সম্ভাবনা আরও অনিশ্চিত হয়ে পড়েছে।
আগামী ১৫ সেপ্টেম্বর থেকে ১৫ অক্টোবরের মধ্যে পাকিস্তানের জাতীয় ও আঞ্চলিক পরিষদের নির্বাচন হবে। এর পর চলতি বছরের শেষের দিকে দেশটিতে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রেসিডেন্ট ও সেনাপ্রধান জেনারেল মুশাররফ আশা করছেন তিনি পুনরায় প্রেসিডেন্ট নির্বাচিত হবেন।
কিন্তু গত মার্চে প্রধান বিচারপতি ইফতিখার চৌধুরীকে বরখাস্ত করার পর থেকে মুশাররফের জনপ্রিয়তা কমতে থাকে। যদিও কয়েক মাসের আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে ইফতিখার চৌধুরী আবার নিজের পদ ফিরে পান। কিন্তু এই সময়ে মুশারফের বিরুদ্ধে বিক্ষোভে ফেটে পড়ে দেশ। একই সঙ্গে তার যৎসামান্য জনপ্রিয়তায় আরো ফাটল ধরে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এফএইচবি/২১৪৪ ঘ.
bdnews24