ইয়াঙ্গুন, সেপ্টেম্বর ৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - সেনাশাসিত মিয়ানমারে বৃহস্পতিবার কয়েকশ' বৌদ্ধ ভিক্ষু একদল সরকারি কর্মকর্তাকে অপহরণ করে তাদের প্রাদেশিক মঠে নিয়ে গেছে। একইসঙ্গে তারা ওই সরকারি কর্মকর্তাদের চারটি গাড়িও পুড়িয়ে দিয়েছে। একজন প্রত্যক্ষদর্শী একথা জানিয়েছেন।
তিনি জানান, বুধবার বিক্ষোভরত ভিক্ষুদের ছত্রভঙ্গ করতে সেনারা যে গুলি চালিয়েছিল তা নিয়ে ক্ষমা চাইতে ইয়াঙ্গুন থেকে ৬০০ কিলোমিটার উত্তর-পশ্চিমের পাকাক্কু শহরের মঠে যান ওই কর্মকর্তারা।
তিনি আরও জানান, জ্বালানি মূল্য বৃদ্ধির প্রতিবাদে গত দুই সপ্তা ধরে মিয়ানমারে যে বিক্ষোভ চলছে তাতে যেন বৌদ্ধ ভিক্ষুরা অংশ না নেন সে জন্য শহরের সবচেয়ে বড় মঠ মহাবিথুতায়ামা'র মঠাধ্যক্ষকে অনুরোধ করতে চেয়েছিলেন তারা।
মঠটির গেটের বাইরে প্রায় এক হাজর লোক জড়ো হয়ে আছে। তবে সেখানে সেনা বা পুলিশি তৎপরতার কোনো আলামত তাৎক্ষণিকভাবে দেখা যায়নি।
বুধবার প্রায় ৫০০ বৌদ্ধ ভিক্ষু গত মাসে বাড়ানো জ্বালানি মূল্যের নিন্দা জানিয়ে বিক্ষোভ করতে শুরু করলে সে বিক্ষোভ থামাতে সতর্কতামূলক গুলি চালায় সেনা সদস্যরা।
মিয়ানমারে দুই সপ্তা ধরে চলমান এ বিক্ষোভ দমাতে এবারই প্রথমবারের মতো সেনাবাহিনীকে মাঠে নামানো হয়েছে। সেনাবাহিনী ইতিমধ্যেই নেতৃত্বস্থানীয় কয়েকজন ভিন্ন মতাবলম্বীকে গ্রেপ্তার করেছে। একইসঙ্গে সেনাবাহিনী বিক্ষোভ ভুণ্ডল করতে ইয়াঙ্গুনের রাস্তায় নামিয়েছে জান্তাপন্থী গ্যাংদের।
১৯৮৮ সালের অভ্যুত্থানের পরের সবচেয়ে বড় এ বিক্ষোভ দমনের জন্য ইতিমধ্যেই একশ'র বেশি লোককে গ্রেপ্তার করা হয়েছে। বৌদ্ধ ভিক্ষু, ছাত্র-ছাত্রী ও সরকারি শ্রমিকদের সে অভ্যুত্থান ঠেকাতে মাঠে নামানো হয়েছিল সেনাবাহিনীকে। ধারণা করা হয়, সেনাবাহিনীর সে বিক্ষোভ দমন অভিযানে মারা গিয়েছিল তিন হাজারের বেশি লোক।
পাকুক্কু শহরের বৌদ্ধ ভিক্ষুদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া সুনির্দিষ্টভাবেই জান্তা সরকারের জন্য ঝুঁকিপূর্ণ। কেননা, এর মাত্র ৮০ মাইল দূরে অবস্থিত মান্ডালে শহর। যেখানে বসবাস প্রায় তিন লাখ বৌদ্ধ ভিক্ষুর। উল্লেখ্য, ১৯৮৮ সালের অভ্যুত্থান এবং ব্রিটিশ উপনিবেশ বিরোধী আন্দোলনসহ বিভিন্ন সঙ্কটময় মুহুর্তে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের দৃষ্টান্ত রয়েছে মিয়ানমারের বৌদ্ধ মঠগুলোর।
এদিকে, মান্ডালের একজন বাসিন্দা জানিয়েছেন, শহরে খুবই উত্তাজনাকর পরিস্থিতি বিরাজ করছে। ১৯৬২ সালে যেসব জেনারেল ক্ষমতা দখল করেছিল তারা মান্ডালের মঠগুলোর প্রধানদেরকে চলমান বিক্ষোভে যোগ না দেওয়ার চাপ দিচ্ছেন বলেও খবর শোনা যাচ্ছে।
প্রসঙ্গত, এ সপ্তায় ইয়াঙ্গুনভিত্তিক একজন রাজনীতিবীদ বলেছেন, "মান্ডালের ভিক্ষুরা একবার বিক্ষোভ শুরু করলে তারা তাদেরকে নিয়ন্ত্রণ করতে সক্ষম হবে না।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এজে/এলকিউ/১৬৩৮ঘ.
bdnews24