রিয়াদ, সেপ্টেম্বর ৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - কিউবার গুয়ান্তানামো বে'র মার্কিন বন্দিশিবির থেকে ছাড়া পেয়ে বৃহস্পতিবার দেশে ফিরেছেন ১৬ জন সৌদি নাগরিক। বন্দিশিবিরটিতে যুক্তরাষ্ট্র সন্দেহভাজন বিদেশি সন্ত্রাসীদের আটকে রেখেছে।
সৌদি আরবের সরকারি বার্তাসংস্থা এসপিএ জানিয়েছে, তারা দেশে ফেরায় স্বরাষ্ট্রমন্ত্রী প্রিন্স নায়েফ বিন আব্দুল-আজিজ স্বস্তি প্রকাশ করেছেন এবং যুক্তরাষ্ট্র যে সহযোগিতার মনোভাব দেখিয়েছে তার প্রশংসা করেছেন।
একইসঙ্গে তিনি আশা প্রকাশ করে বলেছেন, "এর মধ্য দিয়ে অবশিষ্ট বন্দিদের দেশে ফিরে আসার পথ সুগম হবে।"
তবে গুয়ান্তানামো বে'র বিন্দশিবিরে ঠিক কতজন সৌদি নাগরিক এখনও আটক আছেন সে সম্পর্কে কিছু জানায় নি বার্তাসংস্থা এসপিএ।
গুয়ান্তানামো বে'র বন্দিশিবিরটি বন্ধ করে দেওয়ার লক্ষ্যে সেখানকার বন্দিদের সংখ্যা কমিয়ে আনছে ওয়াশিংটন।
গুয়ান্তানামোয় বন্দিদের অধিকাংশই হচ্ছেন ১১ সেপ্টেম্বরের হামলার পর আফগানিস্তানের তালেবান সরকারকে উৎখাত করতে মার্কিন নেতৃত্বাধীন সেনা অভিযানে আটককৃতরা।
এদের অনেকে কোনো অভিযোগ ছাড়াই সেখানে বছরের পর বছর ধরে বন্দি রয়েছেন।
২০০১ সালের ১১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক ও ওয়াশিংটনে যে ১৯ জন আত্মঘাতী বিমান ছিনতাইকারী ওই হামলা চালিয়েছিল তার অধিকাংশই ছিল সৌদি নাগরিক।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এজে/এলকিউ/১৪৪৮ঘ.
bdnews24