সিডনি, সেপ্টেম্বর ৬ (বিডিরিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- রাশিয়া ইরানকে ইউরেনিয়াম বিক্রি করুক তা চায় না অস্ট্রেলিয়া। ইরানে ইউরেনিয়াম বিক্রি বন্ধের ব্যাপারে রাশিয়াকে সতর্ক করে দিয়ে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী জন হাওয়ার্ড বৃহস্পতিবার বলেছেন, ইরান ও সিরিয়ায় ইউরেনিয়াম বিক্রির সম্ভাবনা থাকলে রাশিয়ার কাছে ইউরেনিয়াম বিক্রি করবে না অস্ট্রেলিয়া।
হাওয়ার্ড বলেন, এপেক সম্মেলনের ফাঁকে শুক্রবার পুতিনের সঙ্গে বৈঠক করবেন তিনি। ওই বৈঠকেই তাকে ইরানে ইউরেনিয়াম বিক্রি বন্ধ করতে বলা হবে। স্থানীয় বেতারে হাওয়ার্ড বলেন, "আমাদের ইউরেনিয়াম বিক্রির শর্তই হচ্ছে এর নিরাপত্তা নিশ্চিত করা। আমাদের কাছ থেকে কোনো দেশকে ইউরেনিয়াম নিতে হলে তা যেন ইরান কিংবা সিরিয়ার হাতে না যায় সে ব্যাপারে আমাদেরকে আশ্বস্ত করতে হবে।"
তিনি আরও বলেন, "ইউরেনিয়ামের বিস্তার না ঘটার ব্যাপারে পুরোপুরি সন্তুষ্ট হতে পারলে তবেই আমরা রাশিয়াকে ইউরেনিয়াম সরবরাহ করব।"
উল্লেখ্য, বিশ্বের মোট ইউরেনিয়ামের ৪০ শতাংশই মজুদ রয়েছে অস্ট্রেলিয়ায়। ৩৬ টি দেশে তারা এই ইউরেনিয়াম বিক্রি করে থাকে। এপেক সম্মেলনে ইউরেনিয়াম বিক্রি নিয়ে অস্ট্রেলিয়া রাশিয়ার সঙ্গে চুক্তি করবে বলে মনে করা হচ্ছে।
রাশিয়া ইরানের ঘনিষ্ঠ মিত্র দেশ এবং তারা তেহরানে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা আরোপের প্রচেষ্টায় বাধা দেওয়ার চেষ্টা করে আসছে।
এ অবস্থায় রাশিয়ার কাছে ইউরেনিয়াম বিক্রি নিরাপদ কিনা অস্ট্রেলীয় মেডিয়ার এ প্রশ্নের জবাবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কন্ডোলিৎসা রাইস বলেছেন, "ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র কিংবা অস্ট্রেলিয়ার চেয়ে রাশিয়ার সম্পর্ক বেশি ঘনিষ্ঠ। তবে রাশিয়া ইরানকে পরমাণু প্ল্যান্টের জন্য ইউরেনিয়াম সরবরাহের ব্যাপারে সতর্ক থাকবে বলেই আমি আশা করি।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৪২১ঘ.
bdnews24