২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বঙ্গোপসাগরে সুনামির ঝুঁকি আছে: অস্ট্রেলীয় বিশেষজ্ঞর সতর্কবাণী

বঙ্গোপসাগরে শক্তিশালী ভূমিকম্প আঘাত হানতে পারে এবং এর ফলে সৃষ্ট সুনামিতে প্লাবিত হতে পারে মিয়ানমার, বাংলাদেশ এবং ভারতের বিস্তীর্ণ এলাকা। অস্ট্রেলিয়ার এক ভূতত্ত্ববিদ এ সতর্কবাণী করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2007, 07:50 AM

Updated : 26 Aug 2022, 08:35 PM

হংকং, সেপ্টেম্বর ৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - বঙ্গোপসাগরে শক্তিশালী ভূমিকম্প আঘাত হানতে পারে এবং এর ফলে সৃষ্ট সুনামিতে প্লাবিত হতে পারে মিয়ানমার, বাংলাদেশ এবং ভারতের বিস্তীর্ণ এলাকা। অস্ট্রেলিয়ার এক ভূতত্ত্ববিদ এ সতর্কবাণী করেছেন। প্রকৃতি বিষয়ক সাময়িকি 'নেচার' এর সর্বশেষ সংখ্যায় লেখা এক চিঠিতে 'জিওসাইন্স অস্ট্রেলিয়া'র ভূতাত্ত্বিক ফিল কামিন্স বলেছেন, ইন্দোনেশিয়ার মধ্য সুমাত্রায় আরেকটি বড় ধরনের ভূমিকম্প আঘাত হানার জোরাল সম্ভাবনার কথা সবার জানা আছে। কিন্তু একই ধরনের সম্ভাবনা বাংলাদেশ ও মিয়ানমারের উপকূল বরাবর বঙ্গোপসাগরের এক বিশাল 'সাবডাকশন জোন' এও রয়েছে। 'সাবডাকশন জোন' সমুদ্র তলদেশের এমন একটি এলাকা যেখানে দুটি টেকনোটিক প্লেট মুখোমুখি অবস্থানে থাকে এবং প্লেট দুটো পরস্পরের দিকে এগিয়ে আসতে থাকে। এমন অবস্থায় একটি টেকনোটিক প্লেট আরেকটি নিচে চলে গেলে সৃষ্টি হয় ভূমিকম্প ও আগ্নেয়গিরির। এখানে বিচার্য বিষয় হচ্ছে, বঙ্গোপসাগরের পূর্ব দিকে অবস্থিত ইন্ডিয়ান ও সুন্দা প্লেট। এই প্লেট দুটো থেকেই ভূমিকম্প ও সুনামি হওয়ার ঝুঁকি রয়েছে।। ক্যানবেরা থেকে এক টেলিফোন সাক্ষাৎকারে কামিন্স বলেন, "হ্যাঁ, ভারতের পূর্ব উপকূলে এর প্রভাব থাকতে পারে।" ঐতিহাসিক তথ্য ও কম্পিউটার মডেলিং ব্যবহার করে কামিন্স সতর্ক করে দিয়ে বলেছেন, এ ধরনের একটি বিপর্যয়ে প্রাণহানি হতে পারে প্রায় ১০ লাখ লোকের। যদিও তিনি বলেছেন, ভূমিকম্প ঠিক কখন আঘাত হানবে তার ভবিষ্যদ্বাণী করা সম্ভন নয়। একইসঙ্গে তিনি তার অনুমান যাচাইয়ের জন্য আরও বেশি গবেষণা করারও আহ্বান জানিয়েছেন। জিওসাইন্স অস্ট্রেলিয়ার একটি সরকারি সংস্থা। সংস্থাটি অস্ট্রেলিয়া সরকার ও জনগণকে বৈজ্ঞানিক তথ্য ও পরামর্শ দিয়ে থাকে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এজে/এলকিউ/১৩৩৯ঘ.