টোকিও, সেপ্টেম্বর ৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - জাপানের দিকে ধেয়ে আসছে টাইফুন 'ফিটো'। বুধবার এক পূর্বাভাসে বলা হয়েছে, টাইফুন ফিটো এ সপ্তাহান্তে টোকিওর কাছে একটি অঞ্চলে আঘাত হানতে পারে। ফলে রাজধানীতে ঝড়ো হাওয়ার পাশাপাশি ভারী বর্ষণ হতে পারে।
মাইক্রোনেসিয়ান ভাষায় 'ফিটো'র অর্থ হচ্ছে 'চমৎকার সুগন্ধি ফুল'। জাপানের আবহাওয়া সংস্থা জানিয়েছে, টাইফুন ফিটো বুধবার গ্রিনিচ সময় ০১০০ ঘণ্টায় টোকিওর প্রায় ৭০০ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছে এবং প্রতি ঘণ্টায় এটি ২০ কিলোমিটার উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে।
সংস্থাটি জানায়, টাইফুন ফিটোর বাতাসের গতি ঘণ্টায় ১২৬ কিলোমিটার। বৃহস্পতিবার সকালে এটি টোকিওর ৩০০ কিলোমিটার দক্ষিণের হাচিজোজিমা দ্বীপে আঘাত হানতে পারে।
এদিকে, যুক্তরাজ্যভিত্তিক ওয়েব সাইট 'ট্রপিক্যাল স্টর্ম রিস্ক' সূত্রে জানা গেছে, ফিটো এখন ক্যাটাগরি ১ মাত্রার টাইফুন। তবে পূর্বাভাসে বলা হয়েছে, বৃহস্পতিবার গ্রিনিচ সময় ০৬০০ ঘণ্টা নাগাদ এটি একটি মৌসুমী ঝড়ে পরিণত হবে।
জুলাই মাসে শক্তিশালী টাইফুন 'ম্যান-ওয়াইয়ি' জাপানের দক্ষিণাঞ্চলীয় কাইউসু দ্বীপে আঘাত হেনে পূর্বাঞ্চলীয় উপকূল রেখা বরাবর ধেয়ে যায়। এতে তিনজনের প্রাণহানি হয় এবং আহত হয় ৭০ জনের বেশি লোক।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এজে/এলকিউ/১৬১০ঘ.
bdnews24