সিডনি, সেপ্টেম্বর ৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ইরাকে আকস্মিক সফর শেষে এশিয়া-প্যাসিফিক নেতাদের সঙ্গে এপেক সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার অস্ট্রেলিয়ার সিডনিতে পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ। এ সম্মেলনের মূল আলোচ্য বিষয় বাণিজ্য এবং জলবায়ু পরিবর্তন। কিন্তু বুশ সদ্য ইরাক সফর করে আসায় সম্মেলনে এ ইসুটিও আলোচনায় স্থান পাবে বলে মনে করা হচ্ছে।
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী জন হাওয়ার্ড বুশের ঘনিষ্ঠ মিত্র। ইরাকে ১৫০০ সেনা পাঠিয়ে অস্ট্রেলিয়া যুক্তরাষ্ট্রকে সাহায্য করেছে। সফরকালে বুধবার বুশ বেশির ভাগ সময়ই কাটাবেন হাওয়ার্ডের সঙ্গে। সেনাদের সঙ্গে ভোজ সারবেন সিডনিতে হাওয়ার্ডেরই বাসভবনে।
অস্ট্রেলিয়ায় আগামী নির্বাচনে প্রধানমন্ত্রী হাওয়ার্ডের ঘোর প্রতিদ্বন্দ্বী প্রার্থী এবং ইরাক যুদ্ধের বিরুদ্ধে সোচ্চার বিরোধীদলীয় নেতা কেভিন রুডের সঙ্গে বৃহস্পতিবার দেখা করার পরিকল্পনা রয়েছে বুশের।
মঙ্গলবার প্রকাশিত এক জনমত জরিপে দেখা গেছে, ৫২ শতাংশ অস্ট্রেলীয়ই বুশকে যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচে বাজে প্রেসিডেন্ট বলে মনে করে। আর মাত্র ৩২ শতাংশ অস্ট্রেলীয় তাকে বাজে প্রেসিডেন্ট মনে করে না। বুশ মঙ্গলবার সিডনিতে পৌঁছার প্রাক্কালে তার বিরুদ্ধে বিক্ষোভ করে ইরাক যুদ্ধবিরোধিরা।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলকিউ/২০৫১ঘ.
bdnews24