তিগুসিগালপা, সেপ্টেম্বর ৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - মধ্য আমেরিকার নিকারাগুয়া ও হন্ডুরাসে আঘাত হেনেছে হারিকেন 'ফেলিক্স'। উপকূলীয় গ্রামগুলোতে প্রচণ্ড ঝড়ো হাওয়া এবং প্রবল বৃষ্টিতে ৪ জনের মৃত্যু হয়েছে।এভঙে পড়েছে বাড়ীঘর। উপড়ে গেছে গাছ। তবে ক্ষয়ক্ষতি যেমন ভয়াবহ হবে মনে করা হচ্ছিল ততটা হয়নি।
ভয়ঙ্কর ক্যাটাগরি ৫ মাত্রায় রূপ নেওয়া এ ঘূর্ণিঝড়ের কবল থেকে বাঁচতে মঙ্গলবার মধ্য আমেরিকার হাজার হাজার লোক ইতোমধ্যেই আশ্রয় কেন্দ্রেগুলোতে আশ্রয় নেন। তবে পরিবহন সঙ্কটের কারণে অনেকেই ঝড়োবৃষ্টির মধ্যেও নিজ নিজ বাড়িতে ছিলেন।
হারিকেন ফেলিক্সের বাতাসের গতি ঘণ্টায় সর্বোচ্চ প্রায় ২৪০ কিলোমিটার। ভয়াবহ রূপ নিয়ে এই ঝড় হন্ডুরাস ও নিকারাগুয়ায় আঘাত হানায় ১৯৯৮ সালের মতো ক্ষয়-ক্ষতির আশঙ্কা করা হচ্ছিল। সে সময় হারিকেন 'মিচের' আঘাতে মধ্য আমেরিকায় প্রায় ১০ হাজার লোকের প্রাণহানি হয়েছিল।
যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হারিকেন সেন্টার জানিয়েছে, "সকাল ৮ টায় নিকারাগুয়ার ছেট্ট বন্দর পুয়ের্তো কাবেজাসে আঘাত হেনেছে হারিকে ফেলিক্স।" ফেলিক্সের আঘাতে এ এলাকায় ৪ জনের মৃত্যু ঘটেছে।
মঙ্গলবার গ্রিনিচ সময় ০৬০০ ঘণ্টায় ফেলিক্সের অবস্থান ছিল হন্ডুরাসের কাবো গ্রাসিয়াস এ ডিওস এর ১৬৫ কিলোমিটার পূর্ব ও দক্ষিণ-পূর্বে।
এ অবস্থায় হন্ডুরাসের প্রেসিডেন্ট ম্যানুয়েল জিলায়া সতর্ক করে বলেন, "জনগণ পূর্বসতর্কতামূলক ব্যবস্থা না নিলে মানুষের মৃত্যুসহ ব্যাপক ক্ষয়-ক্ষতি হতে পারে।"
হন্ডুরাসের প্রায় ৪০ হাজার লোককে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। তবে পরিবহনের অভাবে ঝড়ো হাওয়ার মধ্যে বাধ্য হয়ে বাড়িতে অবস্থান করছেন প্রায় ১৫ হাজার লোক।
হন্ডুরাসের কাবো গ্রাসিয়াস এ ডিওস এলাকার এক কর্মকর্তা ক্যারোলিনা এচেভেরিয়া বলেন, "তাদেরকে সরিয়ে নেওয়া সম্ভব হচ্ছে না। কারণ, তাদেরকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা যাচ্ছে না।"
পুলিশ জানিয়েছে, হারিকেন ফেলিক্সের কবল থেকে বাঁচতে শ'শ' পর্যটক সাগর তীর থেকে হন্ডুরাসের মূল ভূখণ্ডে চলে যাচ্ছে। এছাড়া খাদ্য, পানি ও জ্বালানি সংগ্রহের জন্য উপকূলীয় শহরগুলোর সুপারমার্কেট ও গ্যাস স্টেশনগুলোতে দীর্ঘ লাইন পড়ার খবর পাওয়া গেছে।
ফেলিক্সের প্রভাবে উপকূলীয় এলাকায় সাড়ে পাঁচ মিটার পর্যন্ত জলোচ্ছ্বাস হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
হারিকেন ফেলিক্স রোববার হারিকেন 'ডিন' এর মতো সবচেয়ে বিপজ্জনক ক্যাটাগরি ৫ মাত্রার ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছিল। প্রসঙ্গত, গত মাসের শেষ দিকে হারিকেন ডিনের আঘাতে মেক্সিকো ও ক্যারিবীয় অঞ্চলের ২৭ জন মানুষ মারা যায়।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এজে/এলকিউ/১৫৪৪ঘ.
bdnews24