তেহরান, সেপ্টেম্বর ০২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - জাতিসংঘ নিরাপত্তা পরিষদ তৃতীয় দফা নিষেধাজ্ঞা আরোপ করলে ইরান আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (আইএইএ) সঙ্গে তাদের সহযোগিতার বিষয়টি পুনর্বিবেচনা করবে। পাশাপাশি "নতুন বিকল্পগুলো" বিবেচনায় আনবে তারা। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় রোববার একথা জানিয়েছে।
একটি জার্মান ম্যাগাজিনে আইএইএ প্রধান মোহাম্মেদ এলবারাদির দেওয়া বক্তব্যের পরিপ্রেক্ষিতে ইরান এ বক্তব্য দিয়েছে। এলবারাদি বলেন, সংস্থাটির সঙ্গে আগস্ট মাসে সম্পাদিত ইরানের সহযোগিতা চুক্তিটি হতে পারে তাদের জন্য আণবিক কর্মসূচির বিষয়ে পরিষ্কার হওয়ার সর্বশেষ সুযোগ।
ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে চলমান উদ্বেগগুলো চিহ্নিত করতে একটি খসড়া সময়সীমার ব্যাপারে সম্মত হয়েছে তেহরান ও আইএইএ। পশ্চিমাদের ধারণা, পরমাণু বোমা তৈরিই ইরানের পরমাণু কর্মসূচির মূল লক্ষ্য। কিন্তু তেহরান জোর দিয়ে বলে আসছে, তাদের পরিকল্পনা পুরোপুরি শান্তিপূর্ণ।
এক সংবাদ সম্মেলনে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মাদ আলী হোসেইনি বলেছেন, "সংস্থাটির সঙ্গে আমাদের সহযোগিতা অব্যাহত থাকবে। তবে নিরাপত্তা পরিষদ নতুন কোনো নিষেধাজ্ঞা প্রস্তাব পাস হলে আমরা সংস্থাটির সঙ্গে সহযোগিতার বিষয়টি পুনরায় ভেবে দেখব। পাশপাশি নতুন বিকল্প নিয়ে চিন্তা-ভাবনা করব।"
যদিও নতুন বিকল্পগুলো কি কি হতে পারে সে বিষয়ে কিছু জানান নি তিনি।
ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থগিত করা সংক্রান্ত জাতিসংঘের একটি দাবি মানতে ব্যর্থ হওয়ায় গত ডিসেম্বর মাস থেকে নিরাপত্তা পরিষদের দুই দফা অবরোধের শিকার হয়েছে ইরান। ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্রক্রিয়ার মাধ্যমে পরমাণু শক্তি প্লান্টের জ্বালানি তৈরি করা যায়। তাছাড়া পরমাণু বোমা তৈরির উপযোগী উপাদানও তৈরি করা সম্ভব এ প্রক্রিয়ায়।
ওয়াশিংটন বলে আসছে, ইরানকে নতুন শাস্তি এড়াতে বিশেষ প্রশ্নগুলো পরিষ্কার করার জন্য ভিয়েনাভিত্তিক আইএইএকে সহযোগিতা করার পাশাপাশি অবশ্যই তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি বন্ধ করতে হবে। অন্যদিকে তেহরান বলছে তারা সমৃদ্ধকরণ বন্ধ করবে না। একইসঙ্গে তেহরান জোর দিয়ে বলে আসছে যে, সমৃদ্ধকরণ করার আইনসম্মত অধিকারও রয়েছে তাদের।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এজে/এলকিউ/১৭০৮ঘ.
bdnews24