২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মক্কা মসজিদের হামলায় বাংলাদেশের জঙ্গিরা জড়িত: ভারত

ভারতের হায়দ্রাবাদে ঐতিহাসিক মক্কা মসজিদে নাশকতার ঘটনায় বাংলাদেশের 'হরকাতুল জিহাদ ইসলামি' সংগঠন জড়িত বলে আবারো অভিযোগ করেছে দেশটির পুলিশ। হায়দ্রাবাদের পুলিশ কমিশনার বলভিন্দর সিং রোববার দাবি করেন, ওই ঘটনায় ব্যবহৃত বিস্ফোরক বাংলাদেশ থেকে নেওয়া হয়েছিল। অবশ্য ভারতীয় পুলিশের এ অভিযোগ সম্পর্কে কিছু জানেন না বলে রোববার বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান বাংলাদেশের ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব মো. তৌহিদ হোসাইন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Sep 2007, 10:43 AM

Updated : 26 Aug 2022, 08:33 PM

নয়াদিল্লি, সেপ্টেম্বর ২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ভারতের হায়দ্রাবাদে ঐতিহাসিক মক্কা মসজিদে নাশকতার ঘটনায় বাংলাদেশের 'হরকাতুল জিহাদ ইসলামি' সংগঠন জড়িত বলে আবারো অভিযোগ করেছে দেশটির পুলিশ। হায়দ্রাবাদের পুলিশ কমিশনার বলভিন্দর সিং রোববার দাবি করেন, ওই ঘটনায় ব্যবহৃত বিস্ফোরক বাংলাদেশ থেকে নেওয়া হয়েছিল। অবশ্য ভারতীয় পুলিশের এ অভিযোগ সম্পর্কে কিছু জানেন না বলে রোববার বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান বাংলাদেশের ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব মো. তৌহিদ হোসাইন। ভারতীয় পুলিশ বলছে, গত ১৮ মে হায়দ্রাবাদে ঐতিহাসিক মক্কা মসজিদে বোমা হামলার ব্যবহৃত বিস্ফোরক 'আরডিএক্স' বাংলাদেশ থেকে নেওয়া হয়েছে। ওই হামলায় ১১ জন নিহত হন। হায়দ্রাবাদের পুলিশ কমিশনার বলভিন্দর সিং রয়টার্সকে বলেন, "আমরা ১৫ জনের বিরুদ্ধে মামলা করেছি। এদের মধ্যে চারজনকে বাংলাদেশ থেকে ভারতে আরডিএক্স বিস্ফোরক নিয়ে আসার অপরাধে আটক করা হয়েছে। ওই বিস্ফোরক মক্কা মসজিদে হামলায় ব্যবহার করা হয়েছিল।" বাংলাদেশের হরকাতুল জিহাদ ইসলামী'র শহিদ বিলাল ওই ঘটনার প্রধান সন্দেহভাজন বলেও জানান বলভিন্দর সিং। আটক সন্দেহভাজন ওই হামলাকারীরা ২৫ আগস্ট হায়দ্রাবাদে আরও দুটি বোমা বিস্ফোরণের সঙ্গেও জড়িত থাকতে পারে বলে মনে করছে ভারতীয় পুলিশ। বার্তাসংস্থা রয়টার্সের এ খবর সম্পর্কে জিজ্ঞাসা করা হলে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব বলেন, "এই প্রথম বিষয়টি শুনলাম। আমাকে এটি যাচাই করে দেখতে হবে।" গত ২৫ আগস্ট হায়দ্রাবাদে জোড়া বিস্ফোরণের ঘটনার সঙ্গেও বাংলাদেশের জঙ্গিদের জড়িত থাকার অভিযোগ করেছিল ভারতের পুলিশ। পররাষ্ট্র উপদেষ্টা ইফতেখার আহমেদ চৌধুরী সে সময় একে ভিত্তিহীন বলে উড়িয়ে দেন। ২৫ আগস্ট হায়দ্রাবাদের বিনোদন কেন্দ্র লুম্বিনি পার্ক ও একটি খাবারের দোকানে একইসঙ্গে বোমা বিস্ফোরণে ৪০ জন নিহত ও ৮০ জন আহত হন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এজে/কেআরসি/এএমটি/এসএইচ/এসএনডি/১৮৪২ ঘ.