জেনেভো, সেপ্টেম্বর ০১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - পিয়ংইয়ংয়ের পরমাণু কর্মসূচি বন্ধে আন্তর্জাতিক প্রচেষ্টার অংশ হিসাবে শনিবার যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়ার শীর্ষ আলোচকরা এক দ্বিপক্ষীয় আলোচনায় অংশ নিয়েছেন।
জেনেভায় অনুষ্ঠিত দু'দিনব্যাপী আলোচনায় সহকারি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ক্রিস্টোফার হিল ওয়াশিংটনের এবং উত্তর কোরিয়ার সহকারি পররাষ্ট্রমন্ত্রী কিম কায়ে - গাওয়ান পিয়ংইয়ংয়ের প্রতিনিধিত্ব করছেন। তবে জেনেভায় মার্কিন দূতাবাসে শনিবার অনুষ্ঠিত প্রথম দিনের আলোচনার প্রাক্কালে তারা কেউই সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেন নি।
ধারণা করা হচ্ছে, ফেব্র"য়ারি মাসে সম্পাদিত ছয়জাতি চুক্তি অনুসারে উত্তর কোরিয়া কীভাবে তাদের পরমাণু স্থাপনাগুলো নিস্ক্রিয় করবে এবং সেগুলোর হিসাব-নিকাশ দেবে সে বিষয়ই শনিবারের আলোচনায় প্রাধান্য পাবে।
এদিকে মার্কিন সহকারি পররাষ্ট্রমন্ত্রী ক্রিস হিল ইঙ্গিত দিয়েছেন যে, উত্তর কোরিয়াকে তাদের সন্ত্রাসী রাষ্ট্রের তালিকা থেকে বাদ দেওয়া নিয়ে আলোচনা করতে প্রস্তুত রয়েছে যুক্তরাষ্ট্র। ওই তালিকায় অন্তর্ভূক্ত করার ফলে উত্তর কোরিয়ার কাছে অস্ত্র-সংক্রান্ত বিক্রির ওপর নিষেধাজ্ঞা রয়েছে। পাশাপাশি নিষেধাজ্ঞা রয়েছে বিশেষ কিছু সাহায্য পাওয়ার ক্ষেত্রেও।
উত্তর কোরিয়াকে 'সন্ত্রাসবাদী' তালিকা থেকে বাদ দেওয়া প্রসঙ্গে বৃহস্পতিবার সুইস নগরী জেনেভায় পৌঁছে ক্রিস হিল সাংবাদিকদের বলেন, "কোন পর্যায়ে তা করা যায় সেটা আমরা বিচার-বিশ্লেষণ করে দেখব।"
শনিবার প্রথম দিনের আলোচনা শেষে এবং রোববার সমাপনী আলোচনার শেষে সংবাদ সম্মেলন করার কথা রয়েছে মার্কিন আলোচক হিলের।
তবে সংবাদ মাধ্যমের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করার কথা নেই উত্তর কোরিয়ার আলোচক কিমের। জেনেভায় উত্তর কোরীয় দূতাবাসে বৃহস্পতিবার রাতে রয়টার্স টেলিভিশনকে তিনি বলেন, "আমি আশা করছি এটা হবে একটা ভাল বৈঠক।"
অর্থনৈতিক ও কূটনৈতিকভাবে লাভবান হওয়ার শর্তে উত্তর কোরিয়া ২০০৫ সালে একটি চুক্তির আওতায় তাদের পরমাণু কর্মসূচি পরিত্যাগ করতে সম্মত হয়। দুই কোরিয়া, যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন ও জাপানের মধ্যে ওই 'ছয়-জাতি চুক্তি' সম্পাদিত হয়।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এজে/এএমটি/১৮১২ ঘ.
bdnews24