ইসলামাবাদ, আগস্ট ৩১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- পাকিস্তানের নির্বাসিত সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর সঙ্গে ক্ষমতা ভাগাভাগি নিয়ে সমঝোতার ব্যাপারে আপত্তি তুলেছেন প্রেসিডেন্ট জেনারেল পারভেজ মুশাররফের মিত্র নেতারা। ফলে চাপের মুখে থাকা মুশাররফের ভবিষ্যত প্রশ্নে নতুন করে সন্দেহ দানা বাঁধতে শুরু করেছে।
মেয়াদ শেষ হয়ে আসায় এবং জনপ্রিয়তায় ধস নামার পরিপ্রেক্ষিতে প্রেসিডেন্ট মুশাররফ তার অবস্থান সংহত করার চেষ্টা করছেন। আসন্ন পার্লামেন্ট এবং চার প্রাদেশিক নির্বাচনের মধ্য দিয়ে দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হওয়ার প্রস্তুতি নেওয়ার প্রেক্ষাপটে তিনি ক্ষমতা ভাগাভাগির প্রস্তাব নিয়ে বেনজিরের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছেন।
বেনজিরের নেতৃত্বাধীন পাকিস্তান পিপলস্ পার্টির কল্যাণে তার জনসমর্থনের ভিত্তি প্রসারিত হবে বলে মনে করছেন মুশাররফ। ক্ষমতা ভাগাভাগির ব্যাপারে দু'পক্ষের মধ্যে সমঝোতা হলে মুশাররফ সেনা প্রধানের পদ ছাড়তে পারেন। অপরপক্ষে বেনজির পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে পারেন।
কিন্তু মুশাররফের এ প্রচেষ্টায় বাধ সাধছেন তার মিত্ররা। তার দল পাকিস্তান মুসলিম লীগের (পিএমএল) অনেক নেতা আট বছর পর দেশে ফিরে তাদের পুরনো শত্র" বেনজিরের ক্ষমতা নেওয়ার ব্যাপারটিকে সুনজরে দেখছেন না। তারা এ নিয়ে শঙ্কিতও।
পিএমএলের প্রেসিডেন্ট চৌধুরী সুজাত হোসেন জানান, প্রস্তাবিত চুক্তির অংশ বিশেষ সম্পর্কে তার আপত্তির কথা তিনি প্রেসিডেন্টকে জানিয়ে দিয়েছেন।
বেনজির ও তার দল এবং তাদের উত্থাপিত কয়েকটি দাবির কথা উল্লেখ করে শুক্রবার চৌধুরী সুজাত রয়টার্সকে বলেন, "আমরা তাকে (মুশাররফ) জানিয়ে দিয়েছি যে চুক্তিতে দেশ ও জাতির জন্য ক্ষতিকর কিছু নির্দিষ্ট বিষয় আছে। এগুলো পুনর্বিবেচনার জন্য তাদের বলা উচিত।"
কোন ব্যক্তির তৃতীয় মেয়াদে প্রধানমন্ত্রী হওয়ার ওপর আরোপিত নিষেধাজ্ঞা এবং প্রধানমন্ত্রীকে বরখাস্ত করার প্রেসিডেন্টের ক্ষমতা রহিত করার দাবি জানিয়েছেন বেনজির।
চৌধুরী সুজাত জানান, তার দল বেনজিরের এসব দাবির বিপক্ষে।
মুশাররফের সঙ্গে সমঝোতার প্রশ্নে সেনা প্রধানের পদ ছাড়ার শর্ত দিয়েছেন বেনজির। এ সপ্তাহে বেনজির এবং সরকারের একজন মন্ত্রী জানান, সমঝোতার যে সম্ভাবনা দেখা দিয়েছে তাতে মুশাররফের উর্দি ছাড়ার বিষয়টি কোন বাধা নয়। অর্থাৎ মুশাররফ দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হওয়ার আগে সেনা প্রধানের পদ ছাড়তে পারেন বলে তারা ইঙ্গিত দেন।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন পার্লামেন্ট সদস্য জানান, পিএমএলে কিছু নেতা মুশাররফ- বেনজির সমঝোতা বানচাল করার চেষ্টা করছেন। তিনি বলেন, " বেনজির ভুট্টোর সঙ্গে সমঝোতার ব্যাপারে দলের অধিকাংশ সদস্য উদ্বিগ্ন। তারা মনে করছেন এর পুরো সুফল বেনজিরের কব্জায় চলে যাবে।"
ওই পার্লামেন্ট সদস্য আরো বলেন, "দলের ভিতর তাদের নিদিষ্ট কয়েকটি লবি রয়েছে যারা নিজেদের রাজনৈতিক অস্তিত্বের জন্য সমঝোতা প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমএসবি/২০৪১ ঘ.
bdnews24