নয়া দিল্লি (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু চুক্তি নিয়ে ভারতের বামপন্থীরা আবার কঠোর অবস্থান নিয়েছে। বিতর্কিত ওই চুক্তিটি খতিয়ে দেখার জন্য গঠিত একটি যৌথ প্যানেলে তারা যোগ দিতে অস্বীকার করেছে। তারা বলেছে, সরকার চুক্তির ব্যাপারে আলোচনা চালিয়ে গেলে প্যানেলে যোগ দেবে না বামপন্থীরা।
দু'দিন আগে সোমবার তারা প্যানেলে যোগ দিতে রাজি হয়। ওই প্যানেল '১২৩ নম্বর চুক্তির' ব্যাপারে বামপন্থীদের উদ্বেগের বিষয়গুলো নিরসনের চেষ্টা করা হবে।
চার বাম দলের জোট বামফ্রন্টের বৈঠকের পর শরিক ফরোয়ার্ড ব্লকের প্রধান দেবব্রত বিশ্বাস সাংবাদিকদের কাছে তাদের অবস্থান তুলে ধরে বলেন, "সরকারকে অবশ্য ১২৩ নম্বর চুক্তিটি স্থগিত করতে হবে। তারপরই কেবল তারা কোন প্রক্রিয়া বা কমিটি গঠনের দিকে যেতে পারে।"
পার্লামেন্টের নিম্ন কক্ষ লোকসভায় বামদলগুলোর ৬০টি আসন আছে। তারা মনমোহন সরকারকে বাইরে থেকে সমর্থন দিচ্ছে।
রাজনৈতিক নেতারা জানান, সরকারি এ প্যানেল গঠন করা হবে রাজনীতিক, বিজ্ঞানী এবং সম্ভবত সাবেক কূটনীতিকদের সমন্বয়ে।
বামফ্রন্টের অপর শরিক ভারতীয় কমিউনিস্ট পার্টি (সিপিআই) নেতা ডি রাজা রয়টার্সকে বলেন, "যদি সরকার আমাদের নিয়ে কোন প্যানেল করতে চায় তাহলে প্রকাশ্যে বলতে হবে তারা চুক্তি বিষয়ক আলোচনা চালাবে না।"
যুক্তরাষ্ট্রের সঙ্গে বেসামরিক পরমাণু জ্বালানী সহায়তা চুক্তি করে মনমোহন সরকার বিরোধী ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতৃত্বাধীন জাতীয় গণতান্ত্রিক মোর্চা (এনডিএ) এবং মিত্র বামপন্থীদের বিরোধিতার সম্মুখীন হয়।
২০০৪ সালে ক্ষমতা গ্রহণের পর এ যাবত সবচেয়ে গভীর রাজনৈতিক সংকটে পড়েছে কংগ্রেস নেতৃত্বাধীন সংযুক্ত প্রগতিশীল মোর্চা (ইউপিএ) সরকার। ২০০৯ সাল পর্যন্ত নির্ধারিত সময়ের আগেই সরকারের পতন হবে এমন আশঙ্কাও বাড়ছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমএসবি/১৬৫৭ ঘ.
bdnews24