গজনি, আফগানিস্তান, আগস্ট ২৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - আফগানিস্তানের তালেবান জঙ্গিরা দক্ষিণ কোরিয়ার ১২ জন জিম্মিকে বুধবার মুক্তি দিয়েছে। প্রথম দু দফায় ৮ জনকে মুক্তি দেওয়ার পর আরো ৪ জনকে ছেড়ে দেয় তারা। মুক্তি পাওয়া ১২ জনের মধ্যে ১০ জন নারী এবং ২ জন পুরুষ।
বুধবার সর্বশেষ আরো ৪ জনকে মুক্তি দেওয়ার পর তালেবান মুখপাত্র জানান, বৃহস্পতিবারের মধ্যে সব জিম্মি মুক্তি পেয়ে যাবেন বলে তিনি আশা করছেন।
এর আগে গত মঙ্গলবার ১৯ জন দক্ষিণ কোরীয় জিম্মিকে মুক্তি দিতে দুপক্ষের মধ্যে একটি চুক্তি হয়। সে চুক্তিতে জিম্মি মুক্তির বিনিময়ে এ বছরের মধ্যেই আফগানিস্তান থেকে দক্ষিণ কোরীয় সেনা প্রত্যাহারের শর্ত দেওয়া হয়েছে।
প্রথম ও দ্বিতীয় ব্যাচে মুক্তি পাওয়া ১২ জনকেই গজনিতে ইন্টারন্যাশনাল কমিটি অফ দ্য রেড ক্রস (আইসিআরসি) এর সদস্যদের কাছে হস্তান্তর করতে দেখেছেন রয়টার্সের প্রত্যক্ষদর্শীরা।
জিম্মি মুক্তি আলোচনায় তালেবান প্রতিনিধি ছিলেন ক্বারি মোহাম্মাদ বশির। পাকিস্তানভিত্তিক বার্তাসংস্থা আফগান ইসলামিক প্রেসকে বশির বলেন, দক্ষিণ কোরিয়ার সব জিম্মিই দুই বা তিন দিনের মধ্যে মুক্তি পেয়ে যাবে বলে তিনি আশা করছেন।
গত ১৭ জুলাই গজনি প্রদেশে একটি বাস থেকে দক্ষিণ কোরিয়ার ২৩ খিস্ট্রান স্বেচ্ছাসেবককে অপহরণ করে তালেবান জঙ্গিরা। এদের মধ্যে দলনেতাসহ দুজন পুরুষ জিম্মিকে হত্যা করে তারা। পরে জিম্মি মুক্তি আলোচনার প্রথম ধাপে শুভেচ্ছা হিসাবে দু'জন নারী জিম্মিকে মুক্তি দেয় তালেবানরা। আলোচনার শেষ পর্যায়ে মঙ্গলবার দুপক্ষের মধ্যে একটি চুক্তি অনুসারে বাকী ১৯ জিম্মিকে ছেড়ে দিতে রাজি হয় তারা।
ওই চুক্তিতে সেনা প্রত্যাহারের পাশাপাশি আফগানিস্তানে খ্রিস্টান মিশনারি কার্যক্রমে দক্ষিণ কোরীয় নাগরিকদের অংশগ্রহণ বন্ধেরও শর্ত জুড়ে দিয়েছে তালেবান জঙ্গিরা।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এজে/এমএসবি/১৬৪৪ ঘ.
bdnews24