২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফগান লড়াইয়ে শতাধিক জঙ্গি হত্যার দাবি মার্কিন বাহিনীর

আফগানিস্তানের দক্ষিণাঞ্চলে মার্কিন-আফগান সেনাদের সঙ্গে লড়াইয়ে শতাধিক সন্দেহভাজন জঙ্গি নিহত হয়েছে। মার্কিন সেনাবাহিনী বুধবার এই দাবি করেছে। এক বিবৃতিতে মার্কিন সেনাবাহিনী জানায়, কান্দাহার প্রদেশের শাহ ওয়ালি কোট জেলায় আফগান-মার্কিন সেনাদের গাড়িবহর জঙ্গি হামলার শিকার হলে দুপক্ষে লড়াই শুরু হয়। এতেই শতাধিক জঙ্গি মারা পড়ে। বিবৃতিতে আরও জানানো হয়, লড়াইয়ে মার্কিন বাহিনী যুদ্ধবিমান থেকে জঙ্গি অবস্থানগুলোতে হামলা চালিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Aug 2007, 06:13 AM

Updated : 26 Aug 2022, 08:32 PM

কাবুল, আগস্ট ২৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - আফগানিস্তানের দক্ষিণাঞ্চলে মার্কিন-আফগান সেনাদের সঙ্গে লড়াইয়ে শতাধিক সন্দেহভাজন জঙ্গি নিহত হয়েছে। মার্কিন সেনাবাহিনী বুধবার এই দাবি করেছে। এক বিবৃতিতে মার্কিন সেনাবাহিনী জানায়, কান্দাহার প্রদেশের শাহ ওয়ালি কোট জেলায় আফগান-মার্কিন সেনাদের গাড়িবহর জঙ্গি হামলার শিকার হলে দুপক্ষে লড়াই শুরু হয়। এতেই শতাধিক জঙ্গি মারা পড়ে। বিবৃতিতে আরও জানানো হয়, লড়াইয়ে মার্কিন বাহিনী যুদ্ধবিমান থেকে জঙ্গি অবস্থানগুলোতে হামলা চালিয়েছে। বিবৃতিতে মার্কিন বাহিনী বলেছে, "কান্দাহার প্রদেশের উত্তরাঞ্চলে বুধবার ভোরে শুরু হওয়া এই সংঘর্ষে যৌথবাহিনীর নেতৃত্বে আফগান ন্যাশনাল সিকিউরিটি ফোর্সেস ১০০রও বেশি জঙ্গিকে হত্যা করেছে। লড়াই এখনও চলছে।" মার্কিন বাহিনী আরও বলেছে, সংঘর্ষে কোনো বেসামরিক লোকের প্রাণহানি হয়নি। তবে আফগান নিরাপত্তাবাহিনীর এক সদস্য নিহত এবং ৩ বিদেশি ও ৩ আফগান সেনা আহত হয়েছে। এদিকে, এ সংঘর্ষের ব্যাপারে তালেবানদের কাছ থেকে তাৎক্ষণিকভাবে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তালেবানরা আফগানিস্তানে বিদেশি সেনা এবং আফগান সরকারের বিরুদ্ধে বিদ্রোহে নেতৃত্ব দিচ্ছে। সংঘর্ষে জঙ্গি নিহতের সংখ্যা পশ্চিমা সেনারা বাড়িয়ে বলে--- এমন অভিযোগ প্রায়ই করে আসছেন তালেবান মুখপাত্ররা। অন্যদিকে, পশ্চিমা সেনারাও তালেবানদের বিরুদ্ধে একই ধরনের অভিযোগ করে বলে আসছে যে, তারা যুক্তরাষ্ট্র, ন্যাটো ও আফগান সরকারের সেনা নিহতের সংখ্যা বাড়িয়ে বলছে। বুধবারের নিহতের সংখ্যা সঠিক হলে তা হবে গত কয়েক সপ্তাহের মধ্যে একদিনে সবচেয়ে বেশি তালেবান জঙ্গি নিহতের ঘটনা। ২০০১ সালে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সেনা অভিযানে আফগানিস্তানের তালেবান সরকার উৎখাত হওয়ার পর দেশটিতে গত ১৯ মাসে সবচেয়ে বেশি সহিংসতা হয়েছে। দেশটির বিভিন্ন এলাকায় গত কয়েক দিনে তালেবান হামলায় মারা গেছে নয়জন পশ্চিমা সেনা এবং তাদের অধিকাংশই যুক্তরাষ্ট্রের। আফগানিস্তানের তালেবান ও আল কায়েদা মিত্রদের খুঁজে বের করার লক্ষ্যে ন্যাটো ও যুক্তরাষ্ট্রের নেতৃত্বে প্রায় ৫০ হাজার বিদেশি সেনা অভিযান চালিয়ে যাচ্ছে। আর তাদের সহযোগিতা করছে এক লাখের বেশি আফগান সেনা, পুলিশ ও নিরাপত্তা প্রতিনিধি। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এজে/এলকিউ/১২০৮ঘ.